রাজস্ব আদায় বাড়ানোয় জোর দেওয়ার পরামর্শ আইএমএফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও বেশি কর-রাজস্ব আদায় এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার বাড়ানোর পরামর্শ দিয়ে ২০১০-১১ অর্থবছরের বাজেট প্রণয়ন করতে বলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আইএমএফ বলেছে, দারিদ্র্য নিরসনের পাশাপাশি মাঝারি মানের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে গেলেও এ দুয়ের কোনো বিকল্প নেই। সংস্থাটির মতে, বিশ্বের অন্য এলাকার তুলনায় ভালো প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকায় এশিয়া হবে আগামী দিনে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্যস্থল। আর স্বাভাবিক কারণেই বাংলাদেশের জন্যও খুলে যাবে ‘সুযোগের জানালা’। তবে সেই সুযোগটি গ্রহণ করতে জানতে হবে বাংলাদেশকে। অবকাঠামো প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি ব্যবসায়ের পরিবেশ তৈরিতে সামান্য অগ্রগতি দেখাতে পারলেও বাংলাদেশ পরিচিতি পেতে পারে বিনিয়োগের অন্যতম জায়গা হিসেবে।গতকাল বুধবার ঢাকায় বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে ‘এশিয়া: আঞ্চলিক অর্থনৈতিক পূর্বাভাস’ প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেছে আইএমএফ। আইএমএফের আবাসিক প্রতিনিধি এতেরি কিনত্রাজে এই পূর্বাভাসের বিভিন্ন দিক বিশ্লেষণ করেন। আইএমএফ মনে করছে, বিশ্বমন্দা মোকাবিলায় বাংলাদেশও তুলনামূলক ভালো করেছে। সংস্থাটির মতে, কিছু সংকট কাটিয়ে উঠতে পারলে আগামী অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হারও বাড়বে। কারণটা ব্যাখ্যা করেন কিনত্রাজে। তিনি বলেন, আগামী কয়েক বছর পর নিশ্চিতভাবেই প্রবৃদ্ধির বৈশ্বিক চালিকা হবে এশিয়া। আর বাংলাদেশ তো এশিয়ারই দেশ। তবে প্রবৃদ্ধির হার বাড়ার জন্য অবকাঠামোর উন্নয়ন, এডিপির পুরো বাস্তবায়ন এবং বেসরকারি খাতের বিনিয়োগটা প্রয়োজনীয় বলে মন্তব্য করেন আইএমএফের বাংলাদেশ প্রধান। বিশ্বমন্দা মোকাবিলায় এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো সবচেয়ে ভালো করেছে উল্লেখ করে আইএমএফ বলেছে, আগের মন্দাগুলো মোকাবিলায় এশিয়া সাফল্য দেখাতে পারেনি। কারণ, অর্থনীতি তখন শুধুই রপ্তানিকেন্দ্রিক ছিল। বর্তমানে অভ্যন্তরীণ বাজার বা চাহিদাই অনেক বড় হয়ে গেছে। সংস্থাটি বলেছে, যদিও তিন দশক ধরেই মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার অর্জনে উন্নত বিশ্বের দেশগুলোর চেয়ে এগিয়ে রয়েছে এশিয়া, তার পরও মন্দা মোকাবিলায় এশিয়ার নেতৃস্থানীয় ভূমিকা এবারই প্রথম।বিশ্ব জিডিপির প্রবৃদ্ধির হার যেখানে ৪ শতাংশ, সেখানে ২০১০ এবং ২০১১ অর্থবছরে এশীয় দেশগুলোর প্রবৃদ্ধির হার ৭ শতাংশ হবে বলে আশাবাদী আইএমএফ। এর মধ্যে চীনের ১০ শতাংশ এবং ভারতের হবে ৮ শতাংশ। আর এশিয়ার নিম্ন আয়ের দেশগুলোর (এলআইসি) প্রবৃদ্ধি হবে ৬ শতাংশ হারে।সংস্থাটি বলেছে, মন্দা উত্তরণের প্রভাব হিসেবে আগামী অর্থবছরে মূল্যস্ফীতির চাপও কিছুটা কমে আসতে পারে।তবে এশিয়ার ভালো প্রবৃদ্ধি অর্জনের সম্ভাবনা একেবারেই চ্যালেঞ্জবিহীন নয় বলে মনে করে আইএমএফ। সংস্থাটির মতে, যথাসময়ে সঠিক আর্থিক নীতি ও মুদ্রানীতি প্রণয়ন করার ব্যাপারে সতর্ক থাকতে হবে নীতিনির্ধারকদের। আইএমএফ বলেছে, এশীয় দেশগুলোতে পুঁজি আসছে। সুতরাং সামষ্টিক অর্থনীতি ও আর্থিক ঝুঁকির মধ্যে সমন্বয় বজায় রাখা নীতিনির্ধারকদের দায়িত্ব। আইএমএফের আবাসিক প্রতিনিধি জানান, এ লক্ষ্যেই আগামী ১২-১৩ জুলাই কোরিয়াতে একটি সম্মেলন ডাকা হয়েছে। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, বৈশ্বিক ও আঞ্চলিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। সম্মেলনে এশীয় অর্থনীতির দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।বাংলাদেশের আগামী দিনের জিডিপির প্রবৃদ্ধির হার প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে আইএমএফ আবাসিক প্রতিনিধি বলেন, ‘বাংলাদেশকে কেন ৫ থেকে ৬ শতাংশের মধ্যেই আটকে থাকতে হবে? কেন তা ৮ থেকে ১০ শতাংশে উন্নীত করা যাবে না?’বাংলাদেশের উচ্চহারে প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব বলে মনে করেন কিনত্রাজে ।