রাজস্ব আদায়ে ব্যর্থ হিলি স্থলবন্দর
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর সদ্য সমাপ্ত ২০১০-২০১১ অর্থবছরেও রাজস্ব আদায়ে ব্যর্থ হয়েছে।আলোচ্য অর্থবছরে এই স্থলবন্দরে ১৪০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৪৭ কোটি ১৫ লাখ ৬৮ হাজার টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৯২ কোটি ৮৪ লাখ ৩২ হাজার টাকা কম।ব্যবসায়ীরা জানান, বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ, মাছ, শুঁটকি মাছ, ভুট্টা, খৈল, ভুসি, পান, প্রসাধন সামগ্রী, সাইকেলের যন্ত্রাংশ প্রভৃতি পণ্য আমদানি হয়ে থাকে। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে মাঝেমধ্যে ইট, তুষের তেল ও চিটাগুড় রপ্তানি হয়।বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট লিংকের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী জানান, সরকারের সঙ্গে তাঁদের চুক্তি অনুযায়ী আমদানিযোগ্য সব পণ্যই এই বন্দর দিয়ে আমদানি করা যাবে। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০০১ সালে জারি করা চারটি প্রজ্ঞাপনে এই বন্দর দিয়ে বেতার ও টেলিভিশনের যন্ত্রাংশ, নিউজপ্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপারসহ সব ধরনের কাগজ, সুতা, জুস ও গুঁড়ো দুধ আমদানিতে এখনো নিষেধাজ্ঞা রয়েছে।