রাজস্ব আদায়ের মাসিক লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আগস্ট মাসে লক্ষ্যমাত্রার চেয়ে এক কোটি ৪৩ লাখ ছয় হাজার ৮১৫ টাকা কম আদায় হয়েছে। স্থানীয় কাস্টমস সূত্র জানায়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি ২০১১-১২ অর্থবছরের জন্য এই স্থলবন্দরকে বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় ৮৪ কোটি ২২ লাখ ৫৭ হাজার টাকা।সে অনুযায়ী বন্দরটির মাসিক রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় সাত কোটি এক লাখ ৮৮ হাজার টাকা। এর বিপরীতে আদায় হয়েছে পাঁচ কোটি ৯৭ লাখ ৫১ হাজার ১৮৫ টাকা। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সাত কোটি ৪৮ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছিল।টেকনাফ স্থলবন্দর দিয়ে প্রতিবেশী মিয়ানমার থেকে যেসব পণ্য আমদানি হয়: বিভিন্ন প্রজাতির হিমায়িত মাছ, শুঁটকি, কাঠ, ছোলা, আচার, শুকনো বরই, সুপারি, হলুদ, মরিচ, তেঁতুল, তৈরি পোশাক, ব্যাটারি, স্ক্র্যাপ, মুলি বাঁশ, গোলপাতা, বেত ও বিভিন্ন ধরনের জিরা, ধনিয়া, আদা, সেনেকা মাটি, সেন্ডেল, ছাতা, তুলা, গানবুট, গাছের সাল, গবাদিপশুর চামড়া, গরু, মহিষ, ছাগল ইত্যাদি।অন্যদিকে বাংলাদেশ থেকে মিয়ানমারে রপ্তানি হয়: সিমেন্ট, ফেয়ার অ্যান্ড লাভলি, গরুর নাড়িভুঁড়ি, ষাঁড়ের লিঙ্গ, অ্যালুমিনিয়াম-সামগ্রী, ময়দা, ওষুধ, চুল, গার্মেন্টস কাপড়, গেঞ্জি ইত্যাদি।এ ব্যাপারে টেকনাফ স্থলবন্দরের শুল্ক বিভাগের কর্মকর্তা আনোয়ার মাসুম প্রথম আলোকে বলেন, আগস্ট মাসে মিয়ানমার থেকে প্রচুর পরিমাণে পণ্যসামগ্রী আমদানির আশা করা হলেও ১৩ কার্যদিবস বন্ধ থাকায় লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করা সম্ভব হয়নি।