আগামী ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় প্রকাশ করেছেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আহমেদ আতাউল হাকীম। তিনি বলেছেন, ‘বর্তমান কর কাঠামোতে এ বিপুল পরিমাণ রাজস্ব আদায় কতটুকু সম্ভব, তা নিয়ে আমি শঙ্কিত।’এর কারণ হিসেবে মহাহিসাব নিরীক্ষক বলেন, দেশে অনেক ক্ষেত্রেই করদাতাদের বিবরণী যাচাই-বাছাইয়ে দুর্বলতা রয়েছে। ফলে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় সম্ভব হয় না। এ অবস্থা থেকে উত্তরণে তিনি বেসরকারি খাতে ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ে নিরীক্ষণ প্রক্রিয়ার (এসএমপি) সঙ্গে যুক্ত নিরীক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান। তাঁর মতে, কর নির্ধারণে এসএমপিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত এসএমপিবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আতাউল হাকীম গতকাল বুধবার এসব অভিমত প্রকাশ করেন।আইসিএবি তাদের সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ধারাবাহিকভাবে এ ধরনের সেমিনারের আয়োজন করে থাকে।রাজধানীর কারওয়ান বাজারে আইসিএবির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন আইসিএবির সাবেক সভাপতি এ কে এম রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বর্তমান সভাপতি পারভীন মাহমুদ। আর আরেক সাবেক সভাপতি এম ফরহাদ হোসেন সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন বিশ্বব্যাংকের প্রতিনিধি বোরহান উদ্দিন আহমেদ। এ ছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন সংস্থাটির দুই সহসভাপতি আবদুস সালাম ও শাহদাত হোসেন।মূল প্রবন্ধে বলা হয়েছে, এসএমপি একটি বিশেষ ধরনের নিরীক্ষণ অনুশীলন, যাদের গ্রাহকদের বড় অংশই ক্ষুদ্র ও মাঝারি ধরনের প্রতিষ্ঠান বা এসএমই। এসব প্রতিষ্ঠানের কর্মীর সংখ্যাও কম থাকে এবং এবং অনেক ক্ষেত্রে তারা কারিগরি সহযোগিতার জন্য বহিঃউৎসের ওপর নির্ভর করে।পারভীন মাহমুদ এসএমপিগুলোর দক্ষতা ও সক্ষমতা বাড়াতে নেটওয়ার্কিং, যৌথ উদ্যোগ বা একীভূত হওয়ার ওপর জোর দেন।