জুলাই-মার্চ সময়কালে প্রবৃদ্ধি হয়েছে ২৭.২৮%
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা তিন হাজার কোটি টাকা বাড়ল
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলতি ২০১০-১১ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা আরও তিন হাজার কোটি টাকা বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসের রাজস্ব আদায়ের উচ্চ প্রবৃদ্ধি বিবেচনায় এনে এনবিআরকে ৭৫ হাজার ৫৯০ কোটি টাকার সংশোধিত লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া হয়েছে। এর আগে এনবিআরের বার্ষিক লক্ষ্যমাত্রা ছিল ৭২ হাজার ৫৯০ কোটি টাকা। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে। সংশোধিত লক্ষ্যমাত্রায় মূল্য সংযোজন কর (মূসক) থেকে আদায় সবচেয়ে বেশি এক হাজার ২০০ কোটি টাকা বাড়ানো হয়েছে। এখন বছর শেষে এই খাতে আদায় করতে হবে ২৮ হাজার ২৯২ কোটি টাকা। প্রত্যক্ষ কর বা আয়করের ক্ষেত্রে এক হাজার ১০০ কোটি টাকা বেশি আদায় করতে হবে। অর্থাৎ এই খাতে লক্ষ্যমাত্রা ২২ হাজার ১০৫ কোটি টাকা হলো। আমদানি পর্যায়ে আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, আবগারি শুল্কসহ অন্যান্য শুল্ক বাবদ সংশোধিত লক্ষ্যমাত্রা ২৫ হাজার ১৯৩ কোটি টাকা ধার্য করা হয়েছে। বাজেটে এই খাতে লক্ষ্যমাত্রা ছিল ২৪ হাজার ৪৯৩ কোটি টাকা। তবে বাড়তি লক্ষ্যমাত্রা অর্জনে সংশয় প্রকাশ করেছে রাজস্ব আদায়ের অন্যতম উৎস অফিস চট্টগ্রাম কাস্টমস হাউস (আমদানি) ও বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)। সম্প্রতি চট্টগ্রাম কাস্টমস হাউস (আমদানি) থেকে এনবিআর চেয়ারম্যান বরাবর পাঠানো এক চিঠিতে সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে বিপুল অর্থ বকেয়া পড়ে থাকায় এ বছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে।উল্লেখ্য, পাঁচটি সরকারি প্রতিষ্ঠানের কাছে এ পর্যন্ত ৫০০ কোটি টাকা বেশি বকেয়া পড়েছে। রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে একই সংশয়ের কথা জানিয়েছে এলটিইউ কর্তৃপক্ষও। রাজস্ব পরিস্থিতি: চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) রাজস্ব আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২৭ দশমিক ২৮ শতাংশ। আলোচ্য সময়ে এনবিআর আদায় করেছে ৫৩ হাজার ৪৩ কোটি ৮৪ লাখ টাকা। গত বছর একই সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৪১ হাজার ৬৭৩ কোটি টাকা। আর প্রথমবারের মতো পরোক্ষ কর আদায়ে আমদানি পর্যায়ের চেয়ে স্থানীয় পর্যায়ে বেশি শুল্ক আদায় বেড়েছে। অর্থাৎ আমদানিনির্ভর শুল্ক আদায় ব্যবস্থার পরিবর্তে স্থানীয় শিল্প ব্যবস্থার ওপর বেশি নির্ভর হচ্ছে এনবিআর। প্রত্যক্ষ করেও ব্যাপক প্রবৃদ্ধি হয়েছে। চলতি অর্থবছরের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭২ হাজার ৫৯০ কোটি টাকা। প্রথম নয় মাসে খাতওয়ারি রাজস্ব আদায়ের হিসাব বিশ্লেষণ করলে দেখা যায় যে আমদানি পর্যায়ে রাজস্ব আদায়ের চেয়ে স্থানীয় পর্যায়ে বেশি রাজস্ব আদায় হয়েছে। স্থানীয় পর্যায়ে মূসক, সম্পূরক শুল্ক, টার্নওভার ট্যাক্সসহ মোট রাজস্ব আদায় হয়েছে ১৯ হাজার ৭৬৬ কোটি টাকা। আর প্রবৃদ্ধি হয়েছে ২৯ দশমিক ৯৬ শতাংশ। গত বছর একই সময়ে এই খাতে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ১৫ হাজার ২১০ কোটি টাকা। অন্যদিকে আমদানি ও রপ্তানি পর্যায়ে আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, রপ্তানি শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) মিলিয়ে আদায় হয়েছে ১৯ হাজার ৭৪৬ কোটি টাকা। প্রবৃদ্ধির হার ২০ দশমিক ৭৭ শতাংশ। গত বছর একই সময়ে এই খাতে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ১৬ হাজার ৩৫০ কোটি টাকা। আলোচ্য সময়ে আয়কর ও ভ্রমণ করসহ মোট প্রত্যক্ষ কর আদায় হয়েছে ১৩ হাজার ৫৩০ কোটি টাকা। এর মধ্যে আয়কর আদায় হয়েছে ১৩ হাজার ২২২ কোটি টাকা। আয়করের প্রবৃদ্ধি ৩৪ দশমিক ৫৫ শতাংশ। গত বছর একই সময়ে আয়কর আদায় হয়েছিল ৯ হাজার ৮২৭ কোটি টাকা। এনবিআরের কর্মকর্তারা মনে করেন, যে গতিতে চলতি বছর রাজস্ব আদায় হচ্ছে, তাতে সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। এ ছাড়া বছরের শেষ দিকে সরকারি প্রতিষ্ঠানের বকেয়া পরিশোধ শুরু হলে রাজস্ব আদায়ের গতি আরও বাড়বে বলে আশাবাদী তাঁরা।