রাজস্ব আয়ে ৩ বছর পরে ঘাটতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন অর্থবছর পর দেশে রাজস্ব আদায়ে ঘাটতি হলো। সদ্য সমাপ্ত ২০১২-১৩ অর্থবছরে তিন হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। এই সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক লাখ আট হাজার ২৪৪ কোটি ৭৩ লাখ টাকার রাজস্ব আদায় করতে পেরেছে। এ ছাড়া আগামী দুই সপ্তাহের মধ্যে নির্মাণ, যোগানদারসহ অন্য মূল্য সংযোজন কর (মূসক) খাতে বকেয়া আরও এক হাজার কোটি টাকা আদায় হবে। সেই হিসাবে আলোচ্য অর্থবছরে মোট রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়াবে এক লাখ নয় হাজার ২২৪ কোটি টাকা। সারা বছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ১২ হাজার ২৫৯ কোটি টাকা।
গতকাল বুধবার এনবিআর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন। এনবিআরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সদস্য বশিরউদ্দিন আহমেদ, সৈয়দ আমিনুল করিম, নাসির হোসেন, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।
আদায় পরিস্থিতি: ২০১২-১৩ অর্থবছরে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৮৫ শতাংশ। আগের বছর রাজস্ব আদায় হয়েছিল ৯৫ হাজার ৫৮ কোটি টাকা।
২০১২-১৩ অর্থবছরে আমদানি ও রপ্তানি পর্যায়ে রাজস্ব ঘাটতি প্রায় তিন হাজার ২৪৯ কোটি টাকা। তবে আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি ৩ দশমিক ১৯ শতাংশ।
স্থানীয় পর্যায়ে মূসক আদায়ে এক হাজার ৫৮৪ কোটি টাকা ঘাটতি হয়েছে। আয়কর খাতে লক্ষ্য অর্জিত হয়েছে। এ ছাড়া অন্যান্য কর ও শুল্ক খাতে আদায় হয়েছে ৫৭৮ কোটি টাকা। লক্ষ্য ছিল ৯৫৯ কোটি টাকা।
এনবিআরের চেয়ারম্যান বলেন, দেশে ও বিদেশে কিছু ঘটনা এবং বিশ্বমন্দা প্রলম্বিত হওয়ায় রাজস্ব ঘাটতি হয়েছে বলে তিনি মনে করেন। তিনি জানান, বিদয়ী অর্থবছরে ভোগ্যপণ্যের আমদানি ২৪ শতাংশ কমেছে, এই ভোগ্যপণ্য থেকেই বেশি রাজস্ব আদায় হয়। এ ছাড়া ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হওয়ায় রাজস্ব আদায় কমেছে।
আগামী অর্থবছরের লক্ষ্য অর্জন সম্পর্কে গোলাম হোসেন বলেন, করবান্ধব পরিবেশ তৈরির জন্য তিনটি বিষয়ের প্রতি নজর দিতে হবে। রাজস্ব প্রদানে সেবাসমূহ নিশ্চিত করা, অনুকূল রাজনৈতিক পরিস্থিতি ও আইনকানুন সময়োপযোগী করা। গোলাম হোসেন বলেন, লক্ষ্য উচ্চাভিলাষী। তবে দেশটা সবার। পরবর্তী সময়ে যে সরকারই আসুক, তাদের টাকা লাগবে। তাই রাজনৈতিক কর্মসূচি যেন রাজস্ব আহরণে বাধা না হয়ে দাঁড়ায়, সেদিকে লক্ষ রাখার অনুরোধ করেন তিনি। গোলাম হোসেনের মতে, রাজস্ব আদায় বাড়াতে করদাতাদের সহজ ও স্বয়ংক্রিয় পদ্ধতির দিকে বেশি নজর দিচ্ছে এনবিআর। সব উপজেলা পর্যায়ে কর অফিস হচ্ছে। অনলাইনে টিআইএন নেওয়ার সুযোগ করা হয়েছে। একদিকে ছোট করদাতাদের ছাড় দেওয়া হয়েছে, অন্যদিকে ধনীদের কাছ থেকে বেশি কর আহরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
কালোটাকা সাদা করার সুযোগ প্রসঙ্গে গোলাম হোসেন বলেন, আবাসন খাত বিপর্যয়ের মুখে পড়েছে। এই শিল্পের সঙ্গে কমবেশি ৭৩টি খাত জড়িত। বিশাল শ্রমশক্তিও কাজ করে এ খাতে। এ খাতের বিপর্যয় রক্ষায় কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। তিনি স্বীকার করেন, নৈতিক প্রশ্নে এই সুযোগ দেওয়া ঠিক হয়নি। কিন্তু অর্থনীতিকে টিকিয়ে রাখতে এই সুযোগ দেওয়া প্রয়োজন ছিল।
এক প্রশ্নের জবাবে এনবিআরের চেয়ারম্যান জানান, গত অর্থবছরে শেয়ারবাজারে মাত্র ছয় কোটি টাকা সাদা হয়েছে।