আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে রাজস্ব আয়ের বিভিন্ন দিক নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের সাবেক সভাপতি হুমায়ূন কবির
রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন বেশ কঠিন হবে

প্রথম আলো: প্রায় সোয়া দুই লাখ কোটি টাকার আগামী বাজেটে ব্যয় মেটাতে রাজস্ব আয় প্রায় ২০ শতাংশ বাড়াতে হবে। এই
লক্ষ্যমাত্রা কতটুকু বাস্তবসম্মত বলে মনে করেন?
হুমায়ূন কবির: আগামী অর্থবছরের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে এক লাখ ৬৭ হাজার ৪৫৯ কোটি টাকা। আর
বাজেটের আয়তন দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা। ফলে বাকি ৫৫ হাজার ৩২ কোটি টাকার ঘাটতি মেটাতে হবে দেশের
ভেতরে ও বিদেশ থেকে ঋণ নিয়ে। এখন রাজস্ব আয়ের ৮১ শতাংশ আদায় করতে হবে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে। আবার
চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে লক্ষ্যমাত্রা কোনো পরিবর্তন করা হয়নি। তার মানে, সরকার আশা করছে যে শেষ পর্যন্ত
লক্ষ্যমাত্রার খুব কাছাকাছি রাজস্ব আয় হবে। সে ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আগামী বছর রাজস্ব বোর্ডের ওপর বড় ধরনের চাপ তৈরি
হবে। মূলত আয়কর ও মূল্য সংযোজন করের ওপর নির্ভর করায় শেষ পর্যন্ত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন বেশ কঠিন হবে।
প্রথম আলো: ব্যক্তি আয়করের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। এ জন্য কি আয়কর আদায় লক্ষ্যমাত্রা থেকে দূরে থাকবে?
হুমায়ূন কবির: ব্যক্তির করমুক্ত আয়সীমা বাড়ানো হয়েছে। আগে যাঁদের বার্ষিক আয় দুই লাখ টাকার বেশি হলে কর দিতে
হতো, এখন তাঁদের আয় দুই লাখ ২০ হাজার টাকা না হওয়া পর্যন্ত আয়কর দিতে হবে না। এর সঙ্গে যুক্ত হয়েছে বাড়িভাড়া ও
বিনিয়োগে রেয়াতি সুবিধা। তার মানে, আগে প্রায় চার লাখ টাকা পর্যন্ত আয়কর ছাড় পেলেও এখন তা পাঁচ লাখ টাকার
কাছাকাছি হবে। এতে কিন্তু বেশ বড়সংখ্যক সম্ভাব্য ব্যক্তি আয়করদাতা আয়কর জালের বাইরে চলে যাবেন। আর মোট আয়করের
প্রায় ৩০ শতাংশ আসে ব্যক্তির আয়কর থেকে। অন্যদিকে করপোরেট আয়করে তেমন কোনো ছাড় দেওয়া না হলেও সাম্প্রতিক সময়ে
ব্যবসা-বিনিয়োগ পরিস্থিতিতে কিছুটা মন্দাভাব দেখা দিয়েছে, তাতেও করপোরেট আয়কর আদায়ে নেতিবাচক প্রভাব ফেলবে।
প্রথম আলো: করপোরেট বা প্রাতিষ্ঠানিক আয়করের বিষয়টি একটু ব্যাখ্যা করে বলুন।
হুমায়ূন কবির: আগের দুই বছর রপ্তানি আয়ে প্রবৃদ্ধির হার ছিল গড়ে ২০ শতাংশ। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বেড়ে
যাওয়ায় এ বছর তা ১০ শতাংশের নিচে নেমে এসেছে। আবার পাঁচ-ছয় মাস ধরে মার্কিন ডলারের বিপরীতে টাকার দর বেড়েছে।
ফলে রপ্তানিকারকদের প্রকৃত আয় কমে গেছে। রপ্তানিকারকদের উৎসে আয়করের হার চলতি অর্থবছর বাড়ানো হয়েছিল। আগামী
বাজেটে তা অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে সব মিলিয়ে রপ্তানিমুখী খাতের মুনাফা ভবিষ্যতে বেশ খানিকটা কমে যাওয়ার আশঙ্কা
রয়েছে। এটাও আয়কর আদায়ে প্রভাব ফেলবে। অর্থাৎ যেসব অনুকূল পরিস্থিতিতে চলতি অর্থবছর অর্থমন্ত্রী আয়কর আদায়ের
লক্ষ্যমাত্রা প্রায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি ধরে নির্ধারণ করেছিলেন, বহুলাংশে তার উল্টো বা প্রতিকূল পরিস্থিতিতে তিনি আগামী
অর্থবছরে আয়কর ও মুনাফার ওপর কর আদায়ে লক্ষ্যমাত্রা ৩৬ শতাংশ বাড়িয়েছেন। এই লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছানোই দুষ্কর
হবে।
প্রথম আলো: কিন্তু রাজস্ব আয়ের আরেকটি বড় উপখাত মূল্য সংযোজন কর বা মূসক।
হুমায়ূন কবির: মূসক বা ভ্যাট আদায়ে ২৩ শতাংশ প্রবৃদ্ধি ধরা হয়েছে। আর মূসক আদায় নির্ভরশীল মূলত অর্থনৈতিক
কর্মকাণ্ডের ওপর। অথচ কয়েক মাস ধরে রাজনৈতিক অস্থিরতার একটা প্রভাব পড়েছে অর্থনৈতিক কার্যক্রমে। ব্যাংকে তারল্য বা
নগদ জমা অর্থ বাড়ছে। আমদানি ব্যয়ও কমে যাচ্ছে। বিশ্ববাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকা অবশ্য একটা ভূমিকা রেখেছে এখানে।
কিন্তু সার্বিকভাবে অর্থনৈতিক তথা উৎপাদনমুখী কর্মকাণ্ডে কিছুটা ধীরগতি দেখা দিয়েছে। সহজে এখান থেকে উত্তরণ হবে বলে মনে
হয় না। এই অবস্থায় মূসক আদায় কতটা করা যাবে, তা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। একই কথা আমদানি শুল্কের ক্ষেত্রেও
প্রযোজ্য।
প্রথম আলো: তাহলে কি রাজস্ব আদায়ের জায়গাটিই এবারের বাজেটের দুর্বলতম জায়গা হিসেবে বিবেচনা করা যায়?
হুমায়ূন কবির: অনেকটা তা-ই। মনে রাখা দরকার যে ২০০৮-০৯ অর্থবছরের রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ছিল ১০ শতাংশের নিচে।
আর ওই অর্থবছরের প্রথমার্ধ ছিল তত্ত্বাবধায়ক সরকার, যখন জাতীয় নির্বাচন হয়। শেষার্ধ ছিল বর্তমান সরকারের প্রথম ছয়
মাস। তখন আবার বিশ্বমন্দা দেখা দিয়েছিল। মনে হচ্ছে, ২০১৩-১৪ অর্থবছরে সেই রকম একটা চক্র ফিরে আসছে। বর্তমান
সরকারের মেয়াদের শেষ কয়েক মাস নতুন অর্থবছরের প্রথমার্ধে পড়বে। আবার বিশ্ব অর্থনীতির গতিও শ্লথ হয়ে পড়েছে। চীন,
ভারতের মতো দেশগুলোর প্রবৃদ্ধি অনেক কমে এসেছে। এর অভিঘাত বাংলাদেশেও পড়বে। এই অবস্থায় রাজস্ব আয়ের উচ্চ লক্ষ্যমাত্রা
ও ২১ শতাংশ প্রবৃদ্ধি নির্ধারণ অর্থমন্ত্রীর ভাষাতেই অশোভনীয় আশাবাদের মতো হয়ে যায়।