চলতি অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনকে বড় ধরনের চাপ হিসেবে চিহ্নিত করে ব্যবসায়ী-শিল্পপতিদের সহযোগিতা চেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন।
মেট্রোপলিটন চেম্বারের (এমসিসিআই) ত্রৈমাসিক মধ্যাহ্নভোজসভায় গতকাল সোমবার গোলাম হোসেন এই সহযোগিতার আহ্বান জানান। এ সময় তিনি উপস্থিত ব্যবসায়ী নেতাদের বলেন, ‘আমাদেরকে কর আদায় করতে হবে, আপনাদেরকেও কর দিতে হবে। সুতরাং, দুই পক্ষেরই পারস্পরিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন।’
রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সভায় এমসিসিআই সভাপতি রোকেয়া আফজাল রহমান স্বাগত বক্তব্য দেন। আর ধন্যবাদ জ্ঞাপন করেন এমসিসিআইর সহসভাপতি কামরান টি রহমান।
এনবিআরের চেয়ারম্যান বলেন, একদিকে আমদানি শুল্কহার কমানো হয়েছে, যাকে বলা হচ্ছে যৌক্তিকীকরণ। আগামী দিনে আরও করতে হবে। অন্যদিকে চলতি ২০১৩-১৪ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে এক লাখ ৩৬ হাজার কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ২২ শতাংশ বেশি। এটা অত্যন্ত দুরূহ কাজ।
দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার এখন ৬ শতাংশ—এই তথ্য উল্লেখ করে গোলাম হোসেন প্রশ্ন রাখেন, ‘যদি অর্থনীতির প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশও হয়, তাহলেও এই প্রবৃদ্ধির হারে বিপুল পরিমাণে রাজস্ব আদায় কতটা সম্ভব হবে?’
এ রকম একটি অবস্থায় গোলাম হোসেন আয়কর ও মূল্য সংযোজন কর (মূসক) থেকে রাজস্ব আদায় ব্যাপকভাবে বাড়ানো ছাড়া বিকল্প নেই বলে উল্লেখ করেন। তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রামে ৭৩ হাজার বাড়িওয়ালার কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নেই। আর ৬৫ হাজার ব্যবসায়ীর কোনো টিআইএন নেই। এঁদেরকে পর্যায়ক্রমে আয়করের আওতায় আনার কাজ চলছে। এ জন্য তিনি ব্যবসায়ী সমাজের সহযোগিতা প্রত্যাশা করেন।
গোলাম হোসেন আরও বলেন, কর আদায়ব্যবস্থায় অনিয়ম-দুর্নীতি রোধে কম্পিউটারভিত্তিক স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করা হচ্ছে।