রাজস্ব আয়ের লক্ষ্য অর্জনে পিছিয়ে পড়ছে এনবিআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজস্ব আদায়ে ক্রমেই লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে পড়ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি)লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় চার হাজার কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের পর থেকেই মাসওয়ারি লক্ষ্য অর্জন করতে পারছে না রাজস্ব আদায়কারী সংস্থাটি।জুলাই-ফেব্রুয়ারি সময়কালে আয়কর, শুল্ক, মূল্য সংযোজন করসহ (মূসক) বিভিন্ন খাতে ৬১ হাজার ৬৬০ কোটি ৩৭ লাখ টাকার রাজস্ব আদায় করেছে এনবিআর। আলোচ্য সময়ে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৬৫ হাজার ৬২১ কোটি ৪৪ লাখ টাকা। রাজস্ব আদায়ে ঘাটতি তিন হাজার ৯৬১ কোটি সাত লাখ টাকা। অর্থবছরের প্রথম ছয় মাসে ঘাটতি ছিল তিন হাজার ৭৬২ কোটি টাকা।তবে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি রয়েছে। জুলাই-ফেব্রুয়ারি মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ১৩ দশমিক ৭৯ শতাংশ। গত অর্থবছরের (২০১১-১২) প্রথম আট মাসে রাজস্ব আদায় হয়েছিল ৫৪ হাজার ১৪৯ কোটি টাকা।চলতি অর্থবছরে এনবিআরের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে এক লাখ ১২ হাজার ২২৯ কোটি টাকা। রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনের শঙ্কা থাকার পরও চলতি অর্থবছরে আরও প্রায় আট হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।এদিকে গতকাল বৃহস্পতিবার নবম জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় জুলাই-ফেব্রুয়ারি সময়ের রাজস্ব আদায়চিত্র উপস্থাপন করা হয়।আদায় পরিস্থিতি: চলতি অর্থবছরের প্রথম আট মাসে আমদানি পর্যায়ে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), সম্পূরক শুল্ক, রপ্তানি শুল্ক আদায়ের পরিমাণ ২০ হাজার ৯৮৫ কোটি ৬৭ লাখ টাকা। এই খাতে লক্ষ্যমাত্রা ছিল ২২ হাজার ৩৭৭ কোটি ৩৮ লাখ টাকা। আমদানি পর্যায়ে রাজস্ব আদায়ের ঘাটতি এক হাজার ৩৯১ কোটি টাকা। স্থানীয় পর্যায়ে সাধারণত মূল্য সংযোজন কর, আবগারি শুল্ক, সম্পূরক শুল্ক ও টার্নওভার ট্যাক্স আদায় করা হয়। জুলাই-ফেব্রুয়ারি সময়ে এ খাতে রাজস্ব আদায়ে ঘাটতি দুই হাজার ৯৭২ কোটি টাকা। আট মাসে এই খাতে লক্ষ্যমাত্রা ছিল ২৫ হাজার ২৫৭ কোটি টাকা। আর রাজস্ব আদায় হয়েছে ২২ হাজার ২৮৫ কোটি টাকা। তবে আয়কর খাতে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জিত হয়েছে। আলোচ্য সময়ে ১৭ হাজার ৩৪৮ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল। আদায় হয়েছে ১৮ হাজার ১৮ কোটি টাকা।এ ছাড়া অন্যান্য শুল্ক ও আয়কর বাবদ জুলাই-ফেব্রুয়ারি মাসে রাজস্ব আদায় হয়েছে ৩৭০ কোটি টাকা। লক্ষ্য ছিল ৬৩৮ কোটি টাকা। এদিকে চট্টগ্রাম ও মংলা বন্দর এবং দেশের বিভিন্ন স্থানের শুল্ক স্টেশনের মাধ্যমে গত জানুয়ারি মাস পর্যন্ত ১৮ হাজার ৪৮০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এ খাতে লক্ষ্য ছিল ১৯ হাজার ৫৪৯ কোটি টাকা।এনবিআর সূত্রে জানা গেছে, প্রাথমিক ও মধ্যবর্তী পণ্য, টেলিযোগাযোগ পণ্য আমদানি হ্রাস পাওয়ার কারণে এবার বন্দর ও শুল্ক স্টেশন থেকে রাজস্ব আদায় তুলনামূলক কমেছে। এ ছাড়া সরকারি প্রতিষ্ঠানগুলোর ডেফার্ড পেমেন্টের (বিলম্বিত কর পরিশোধ) মাধ্যমে পণ্য ছাড় বেড়ে যাওয়ায় রাজস্ব আদায় কমে গেছে।