রাজস্ব আয়ের লক্ষ্য অর্জনে শঙ্কা

রাজস্ব আদায়ে কয়েক বছর ধরেই ভালো সাফল্য পাচ্ছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন না করলেও খুব কাছাকাছি চলে গিয়েছিল এনবিআর।
কিন্তু এবার সেই ধারা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) রাজস্ব আদায় পরিস্থিতি সন্তোষজনক নয়, বরং লক্ষ্যমাত্রা থেকে ক্রমেই পিছিয়ে যাচ্ছে এনবিআর।
এনবিআরের সর্বশেষ হিসাবমতে, জুলাই-অক্টোবর মাসে ৩৩ হাজার ৪৯২ কোটি ৮৪ লাখ টাকার রাজস্ব আদায় করেছে এনবিআর। এই সময়ে লক্ষ্যমাত্রা ছিল ৩৬ হাজার ৬১২ কোটি টাকা আদায়ের। লক্ষ্যমাত্রা থেকে তিন হাজার ১৪১ কোটি টাকা আদায় করতে পারেননি এনবিআরের আয়কর, শুল্ক ও মূল্যসংযোজন কর (মূসক) বিভাগের কর্মকর্তারা।
এ ছাড়া গড় প্রবৃদ্ধিও ধরে রাখা যাচ্ছে না। চলতি অর্থবছরে আগের বছরের তুলনায় ২১ শতাংশ প্রবৃদ্ধি ধরে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু চার মাসে রাজস্ব আদায়ে মাত্র ১৬ দশমিক ৩৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, হরতালসহ বিভিন্ন সহিংস রাজনৈতিক কর্মসূচির কারণে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। ব্যবসা-বাণিজ্যে এক ধরনের স্থবিরতা চলছে। তাই রাজস্ব আদায়ে গতি কম। কেননা, আমদানি ও মূসক পর্যায়ে প্রায় ৭০ শতাংশ রাজস্ব আদায় হয়।
চলতি অর্থবছরে এনবিআরকে এক লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। এই লক্ষ্য দেওয়ার সময় এনবিআর আপত্তি জানিয়েছিল। কিন্তু অর্থমন্ত্রী তখন আশ্বাস দেন যে রাজস্ব আদায়প্রবাহ বাধাগ্রস্ত হলে লক্ষ্য কমিয়ে দেওয়া হবে।
তবে এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন বাজেট-পরবর্তী এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, রাজনৈতিক অস্থিরতা না থাকলে, ব্যবসা-বাণিজ্য স্বাভাবিকভাবে চললে এই লক্ষ্য অর্জন সম্ভব।
এনবিআরের কর্মকর্তারা জানান, এখন রাজনৈতিক অস্থিরতাই রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনের মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
চার মাসের আদায় পরিস্থিতি: চলতি অর্থবছরের প্রথম চার মাসে স্থানীয় পর্যায়ে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে। এই পর্যায়ে সাধারণত মূল্য সংযোজন কর, আবগারি শুল্ক, সম্পূরক শুল্ক ও টার্নওভার ট্যাক্স আদায় করা হয়। এসব উপখাত থেকে এনবিআরের আদায় হয়েছে ১২ হাজার ৪১৫ কোটি টাকা। গত বছর একই সময়ে এসব উপখাত থেকে আদায় হয়েছিল ১০ হাজার ৩১৬ কোটি টাকা। আলোচ্য সময়ে এ বছর প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ৩৪ শতাংশ।
এরপর আমদানি পর্যায়ে বেশি রাজস্ব আদায় হয়েছে। এই পর্যায়ে আমদানি শুল্ক, মূল্যসংযোজন কর (মূসক) সম্পূরক শুল্ক, রপ্তানি শুল্ক আদায় হয়েছে ১০ হাজার ৬৭৮ কোটি টাকা। আর প্রবৃদ্ধি হয়েছে মাত্র ২ দশমিক ৩৭ শতাংশ। এর মানে হলো আমদানি গতবারের তুলনায় খুব বেশি বাড়েনি। গত বছরের একই সময়ে আমদানি পর্যায়ে ১০ হাজার ৪০৯ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল।
রপ্তানি শুল্ক, আবগারি শুল্ক, সম্পূরক শুল্ক—এই তিনটি উপখাতে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। এর মানে গত বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের চার মাসে এসব উপখাতে রাজস্ব আদায় কমেছে।
জুলাই-অক্টোবর মাসে প্রত্যক্ষ কর খাত থেকে ১০ হাজার ৩৯৯ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এই খাতে প্রবৃদ্ধি ২৯ দশমিক ৪৭ শতাংশ। এর মধ্যে আয়কর আদায় হয়েছে ১০ হাজার ১৯৬ কোটি টাকা।