রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পুনর্নির্ধারণ করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী ।  ফাইল ছবি
অর্থমন্ত্রী । ফাইল ছবি

চলতি মাসেই সব ধরনের রাজনৈতিক নৈরাজ্য শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এ মাসের শেষের দিকে চলতি ২০১৩-১৪ অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাও পুনর্নির্ধারণ করা হবে।
অর্থমন্ত্রীর ভাষ্যে, ‘রাজনৈতিক নৈরাজ্যের কারণে সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক কর্মকাণ্ড ঠিকমতো পরিচালিত হতে পারেনি। কী করে মানুষ রোজগার করবে? তবে আমি আশা করি, এই মাসের মধ্যেই রাজনৈতিক নৈরাজ্য শেষ হয়ে যাবে।’
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআরে) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গতকাল সোমবার দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী। বৈঠকে নবনিযুক্ত অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রী দুজনই গত রোববার নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন।
অর্থমন্ত্রী বলেন, ‘এবার আমাদের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী ছিল না। ২১ শতাংশ হারে আমরা আগেও রাজস্ব আদায় করেছি। কিন্তু আগের বছর যেহেতু পুরোপুরি লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করা যায়নি, সে কারণেই রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি বেড়ে গেছে।’
উল্লেখ্য, সরকার বাজেটে চলতি অর্থবছরের জন্য এক লাখ ৬৭ হাজার ৪৫৯ কোটি টাকার মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এক লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকা।
অর্থমন্ত্রী বলেন, গত পাঁচ বছরে আগের একই সময়ের তুলনায় ১৯০ শতাংশ রাজস্ব আদায় বেড়েছে। একইভাবে এর আগের পাঁচ বছরে ১০০ শতাংশের নিচে ছিল। এর আগের পাঁচ বছরে রাজস্ব বৃদ্ধির পরিমাণ ছিল ৮০ শতাংশ।
রাজস্ব আদায়ের হার সন্তোষজনক থাকায় প্রভূত সামাজিক উন্নতিও করা গেছে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় খুশি, কারণ নতুন নতুন বিদ্যালয় করা গেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় খুশি, কারণ সারা দেশে রাস্তাঘাট নির্মাণ করা গেছে। যোগাযোগ মন্ত্রণালয়ও খুশি।’ রাজস্ব আদায় বেশি হওয়ার কারণে মানবসম্পদ উন্নয়নে বরাদ্দ কখনো কাটছাঁট করা হয়নি বলে জানান অর্থমন্ত্রী।
মতবিনিময়ে নবনিযুক্ত অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘গত পাঁচ বছরে দেশের আর্থসামাজিক অবস্থার বিশাল পরিবর্তন এসেছে। আরেক ধাপ এগিয়ে যাওয়ার পথে আছে। এই উত্তরণের পথে ভূমিকা রাখতে পারলে আমি খুশি হব।’
এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন বলেন, রাজনৈতিক অস্থিরতায় চলতি অর্থবছরে রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়েছে। গত ছয় মাসের মধ্যে ডিসেম্বরে সবচেয়ে কম রাজস্ব আদায় হয়েছে। জুলাই-ডিসেম্বর সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে আট হাজার কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। তবে অস্থিরতা বন্ধ হলে রাজস্ব আদায় আবারও বেড়ে যাবে বলে মনে করেন এনবিআরের চেয়ারম্যান।
এনবিআরের চেয়ারম্যানের মতে, এ দেশে বহুবার রাজনৈতিক অস্থিরতা হলেও রাজস্ব আদায় এমনভাবে কখনো ক্ষতিগ্রস্ত হয়নি। চলতি করবর্ষে আগেরবারের চেয়ে এক লাখের মতো কম আয়কর বিবরণী জমা পড়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে এনবিআরের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইআরডি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক
এর আগে সকালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আগামী বাজেটেও সরকারের ভবিষ্যৎ কার্যসূচির প্রতিফলন থাকবে। প্রথম বাজেটে সরকারের যেসব পরিকল্পনা করা হয়, পরবর্তী বাজেটেও তা অব্যাহত রাখা হয়। আগামী বাজেটেও এর ধারাবাহিকতা থাকবে বলে তিনি জানান। এনইসি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী আরও বলেন, ‘গত পাঁচ বছর আমি আনন্দের সঙ্গে কাজ করেছি। এবার মন্ত্রী হওয়ার কোনো আগ্রহ ছিল না। বয়স হয়েছে তো, কাজে সমস্যা হয়। প্রধানমন্ত্রী আমাকে ডেকে বলেছেন, এ দায়িত্ব নেওয়ার জন্য, তাই নিয়েছি।’ তিনি বলেন, ‘বুদ্ধিজীবীরা আমাকে রাবিশ, বোগাস বলেন। এটা আমি উপভোগ করি।’
কার্যপরিকল্পনা প্রণয়ন করতে অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন সব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আগামী বৃহস্পতিবার বৈঠক করবেন বলে অর্থমন্ত্রী জানান।
একই অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘দেশের অর্থনৈতিক অবস্থার উল্লম্ফনের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমি খুশি।’
ইআরডি সচিব আবুল কালাম আজাদসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।