রাজস্ব ও মুদ্রানীতিতে সুসমন্বয়ের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ কমাতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের মুদ্রানীতি ও রাজস্বনীতির মধ্যে দৃঢ় সমন্বয় প্রয়োজন বলে মন্তব্য করেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।দেশের ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় এ সংগঠনটি আরও বলেছে, দেশের উৎপাদনশীল শিল্প খাতের প্রবৃদ্ধি যদিও এখন ভালো, তার পরও সম্ভাবনা অনুযায়ী, এ খাতের প্রবৃদ্ধি হচ্ছে না। এর কারণ হচ্ছে, কাঙ্ক্ষিত পর্যায়ে অবকাঠামোর উন্নয়ন না হওয়া এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিদ্যমান সংকট।মেট্রো চেম্বার বলেছে, অবকাঠামো এবং বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে সরকার যথেষ্ট আন্তরিক। তবে প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০১১) দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মেট্রো চেম্বারের প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। গণমাধ্যমে প্রকাশের জন্য গতকাল বৃহস্পতিবার এ প্রতিবেদন পাঠানো হয়।মেট্রো চেম্বারের প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি সহায়তার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। আগের অর্থবছরের প্রথম ছয় মাসের তুলনায় বিদেশি সহায়তা কমেছে ১৮ শতাংশ। সহায়তা কমে যাওয়ায় দাতাদের সমর্থনপুষ্ট প্রকল্পগুলো বাস্তবায়নের গতি ধীর হয়ে গেছে।প্রতিবেদনে বলা হয়, দাতাদের কাছ থেকে কাঙ্ক্ষিত বিদেশি সহায়তা না পাওয়ায় সরকার এখন বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) কাটছাঁট করছে। এমসিসিআই মনে করে, আরও কাটছাঁট করার আগেই সরকারের উচিত তার রাজস্ব আদায় আরও শক্তিশালী করা। পাশাপাশি দেশের বাইরে থেকে ঋণ নেওয়াসহ বিকল্প মাধ্যমে অর্থায়নের দিকে মনোযোগী হওয়ার সুপারিশ করেছে চেম্বারটি।প্রতিবেদন অনুযায়ী, অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর পর্যন্ত সময়ে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র ১৭ শতাংশ। এটা আগের বছরের একই সময়ের চেয়ে ১ শতাংশ কম। আর অর্থবছরের প্রথমার্ধে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র ২৮ শতাংশ, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১ শতাংশ বেশি।মেট্রো চেম্বার বলছে, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কৃষি খাতের ভালো প্রবৃদ্ধি হয়েছে। কিন্তু টেকসই প্রবৃদ্ধির জন্য পুরো অর্থবছর ধরেই অর্থায়নসহ সরকারি সহায়তা অব্যাহত রাখতে হবে।বর্তমানে দেশের কৃষি খাত মোট দেশজ উৎপাদনে (জিডিপির) ২০ দশমিক ৩ শতাংশ অবদান রাখছে।অক্টোবর-ডিসেম্বর সময়কালে রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ২ শতাংশ কমেছে। এ তথ্য উল্লেখ করে মেট্রো চেম্বার বলেছে, বিশ্বমন্দার কারণে মূলত এটা হয়েছে। আগের বছরের রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে হলে অবকাঠামো এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে অগ্রাধিকার দিয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে।প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এখনো কম। প্রতিবেদনে সম্প্রতি বিদেশি বিনিয়োগকারীদের এক সভার কথা উল্লেখ করে সেখানে বিদেশি বিনিয়োগ কম হওয়ার আলোচিত কারণগুলোও তুলে ধরা হয়। এগুলো হলো: অবকাঠামো ঘাটতি, মেধাস্বত্ব আইন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গ্যাস-বিদ্যুতের অপর্যাপ্ত সরবরাহ, যোগাযোগ সমস্যা, শিল্পের জন্য ভূমির ব্যবস্থা ও আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা।