রাজস্ব কর্মকর্তাদের হুমকি দিচ্ছেন অসৎ ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসৎ ব্যবসায়ীরা রাজস্ব আদায়কারী কর্মকর্তাদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
এনবিআরের চেয়ারম্যান বলেছেন, ব্যক্তিপর্যায়ে কর্মকর্তাদের হুমকি দেওয়া হচ্ছে। আর প্রাতিষ্ঠানিক পর্যায়ে হয়রানি ও প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা চলছে।
এই অসৎ ব্যবসায়ীদের চিহ্নিত করা হয়েছে বলেও জানিয়েছেন এনবিআরের চেয়ারম্যান। একই সঙ্গে এসব কাজ থেকে তাঁদের বিরত থাকার আহ্বানও জানান তিনি।
রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এনবিআরের চেয়ারম্যান এসব কথা বলেন।
আজ শুক্রবার পঞ্চমবারের মতো দেশব্যাপী মূসক দিবস পালন করবে এনবিআর। দিবসটির এবারের প্রতিপাদ্য: ‘সময়মতো মূসক দেব, দেশগড়ায় অংশ নেব’। ২০১১ সাল থেকে দিবসটি পালন করছে এনবিআর।
সংবাদ সম্মেলনে একপর্যায়ে উঠে আসে রাজস্ব কর্মকর্তাদের হুমকি দেওয়ার বিষয়টি। এ সময় নজিবুর রহমান বলেন, মূসক ভোক্তারা দেন। ব্যবসায়ীরা তা আমানত হিসেবে সংরক্ষণ করেন। তাঁরা ওই অর্থ সঠিক পরিমাণে এবং স্বচ্ছতার সঙ্গে জমা দিচ্ছেন কি না, তা দেখা দরকার। এসব ক্ষেত্রে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহযোগিতা নেওয়া হবে।
বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার (ইসিআর) যন্ত্র ব্যবহার করছে। কিন্তু তা সত্ত্বেও কর ফাঁকি দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে বলতে গিয়ে এনবিআরের চেয়ারম্যান বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান কারসাজির মাধ্যমে একে (ইসিআর) নিষ্ক্রিয় করে ফেলে। এসব কারসাজি ধরতে গোয়েন্দা বিভাগকে শক্তিশালী করা হয়েছে। দায়ী ব্যক্তিরা এখন শাস্তির আওতায় আসবেন।
এক প্রশ্নের জবাবে নজিবুর রহমান বলেন, সরকারি গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানসহ বেশ কিছু প্রতিষ্ঠানের কাছে বিপুল পরিমাণ রাজস্ব বকেয়া দাঁড়িয়েছে। এসব অর্থ আদায়ে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষসহ কয়েকটি প্রতিষ্ঠান সময়মতো অর্থ পরিশোধের আশ্বাস দিয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মূসক দিবস উপলক্ষে আজ সকালে এনবিআরের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। এর উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
আগামী রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মূসক দিবসের আলোচনা অনুষ্ঠিত হবে। এতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ ব্যবসায়ী নেতারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ অনুষ্ঠানে সর্বোচ্চ মূসক প্রদানকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সম্মাননা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ১১৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পাচ্ছে সর্বোচ্চ ভ্যাটদাতার পুরস্কার। ২০১৩-১৪ অর্থবছরে জাতীয় ও জেলা পর্যায়ে উৎপাদন, ব্যবসা ও সেবা—এই তিন বিভাগে সর্বোচ্চ মূসক প্রদানকারী হিসেবেই তাদের এ সম্মাননা দেওয়া হচ্ছে।
এদিকে ১০ থেকে ১৬ জুলাই পর্যন্ত মূসক সপ্তাহ পালন করবে এনবিআর।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য এনায়েত হোসেন, মাহবুবুর রহমান প্রমুখ।