রাজস্ব কৃচ্ছ্রসাধনে দুনিয়াজুড়ে বেকারত্ব বাড়ছে: আইএলও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর বিশ্বে কর্মহীন মানুষের সংখ্যা ২০ কোটি ২০ লাখে উন্নীত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। কেননা চলতি বছর বিশ্বে আরও ৬০ লাখ মানুষ বেকারত্বের কাতারে যুক্ত হতে পারে।সংস্থাটি এর কারণ হিসেবে বলছে, বিশ্বজুড়ে বিভিন্ন অর্থনীতিতে গৃহীত রাজস্ব কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ কর্মসংস্থানের ওপর আঘাত হেনেছে।আইএলওর গতকাল প্রকাশিত বিশ্বকর্ম প্রতিবেদনে (ওয়ার্ল্ড অব ওয়ার্ক রিপোর্ট-২০১২) এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, রাজস্ব কৃচ্ছ্র ও শ্রমের বাজারে সংস্কার কর্মসংস্থানের ওপর ‘ধ্বংসাত্মক পরিণতি’ ডেকে এনেছে।আর্থিক সংকট মোকাবিলার জন্য উন্নত ও উন্নয়নশীল দেশগুলো বাজেটের ঘাটতি কমিয়ে দিয়েছে। যার মানে হলো, সরকারি ব্যয় সংকোচন ও ভর্তুকি হ্রাস। ফলে রাষ্ট্রীয় খাতে বহু লোক কাজ হারিয়েছে এবং নতুন করে নিয়োগ বন্ধ থাকায় কাজের সুযোগ সংকুচিত হয়েছে।আইএলওর প্রতিবেদনে এই বলে সতর্ক করে দেওয়া হয়েছে যে ব্যয় কমানোর সঙ্গে কাজের সুযোগ সৃষ্টি না করে বিভিন্ন দেশের সরকার অসন্তোষ উসকে দিচ্ছে।আইএলওর প্রতিবেদনে এ বছর বিশ্বজুড়ে বেকারত্বের হার ৬ দশমিক ১০ শতাংশ (২০ কোটি ২০ লাখ) হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আর গত বছরের প্রাক্কলিত বিশ্ব বেকারত্বের পরিমাণ ১৯ কোটি ৬০ লাখ।