দেশের অর্থনীতি নিয়ে এমসিসিআইয়ের ত্রৈমাসিক পর্যালোচনা
রাজস্ব ঘাটতি ও এডিপি বাস্তবায়নই বড় দুশ্চিন্তা
দেশের অর্থনীতির জন্য এখন বড় দুশ্চিন্তার কারণ রাজস্ব আদায়ের ঘাটতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ধীর গতি।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) ত্রৈমাসিক-ভিত্তিক এক অর্থনৈতিক পর্যালোচনায় এ কথা বলা হয়েছে। সংগঠনটি বলেছে, কর রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার তুলনায় কম হচ্ছে। উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার সাত বছরের মধ্যে সর্বনিম্ন।
তিন মাস পর পর দেশের অর্থনীতি নিয়ে একটি করে পর্যালোচনা প্রতিবেদন তৈরি করে এমসিসিআই। ২০১৫-১৬ অর্থবছরে এটি তাদের তৃতীয় প্রতিবেদন। গত জানুয়ারি থেকে জুলাই মাসের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হলেও এতে অর্থবছরের নয় মাসের চিত্র তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সার্বিকভাবে দেশের অর্থনীতি বেশ ভালোভাবে এগোচ্ছে। তবে গতি সম্ভাবনার তুলনায় কম। অপ্রতুল অবকাঠামো এবং বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি অর্থনীতির আরও এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধান বাধা।
এমসিসিআই মনে করে, ২০২১ সালে মধ্যম আয়ের দেশ হতে গেলে বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই। এখনো মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে বিনিয়োগের হার লক্ষ্যমাত্রার তুলনায় কম। এটি বাড়াতে সর্বতোভাবে উদ্যোগ দেওয়া প্রয়োজন। ভবিষ্যতে অর্থনীতির প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে রাজনৈতিক সম্প্রীতি রক্ষা করার তাগিদ দেওয়া হয়েছে প্রতিবেদনে।
পর্যালোচনায় বলা হয়, বছরের শুরুতে কর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল ১ লাখ ৭৬ হাজার কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ১৭ দশমিক ৮ শতাংশ বেশি। তবে এ বছর লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে আগের বছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ দশমিক ৬ শতাংশ বেশি কর রাজস্ব আদায় করতে হবে। অথচ জুলাই-ফেব্রুয়ারি সময়ে কর রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৭ শতাংশ।
অর্থবছরের প্রথম নয় মাসে মাত্র ৪১ শতাংশ এডিপি বাস্তবায়িত হয়েছে উল্লেখ করে এমসিসিআই বলেছে, ৭ বছরের মধ্যে এ হার সর্বনিম্ন। গত বছর এ সময়ে ৪৩ শতাংশ এডিপি বাস্তবায়িত হয়েছিল।
প্রতিবেদনে কৃষি, শিল্প উৎপাদন, নির্মাণ, বিদ্যুৎ, সেবা খাত, অর্থ ও পুঁজিবাজার, রাজস্ব আদায়, এডিপি বাস্তবায়ন, রপ্তানি, আমদানি, প্রবাসী আয়, বৈদেশিক সহায়তা, সরাসরি বৈদেশিক বিনিয়োগ, বাণিজ্য-ঘাটতি, মূল্যস্ফীতিসহ অর্থনীতির প্রধান প্রধান সূচকের পরিস্থিতি তুলে ধরা হয়। বলা হয়, বিদ্যুৎ-পরিস্থিতির উন্নতির কারণে শিল্প উৎপাদনের গতি ফিরে পেয়েছে। গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ দেওয়ায় এবং প্রবাসীদের জন্য ঋণসুবিধার কারণে আবাসন খাতের উন্নতি হচ্ছে। সরকার স্বল্প মেয়াদে বিদ্যুৎ-পরিস্থিতির উন্নতি করতে পেরেছে, তবে দীর্ঘ মেয়াদে সমস্যাটি রয়েই যাচ্ছে। অভ্যন্তরীণ ঋণ, বাজারে অর্থের সরবরাহ ও মেয়াদি শিল্পের ঋণ বেড়েছে। কৃষি খাত ভালো করেছে।
তবে পুঁজিবাজার একটি মেঘাচ্ছন্ন সময় পার করছে বলে উল্লেখ করে এমসিসিআই বলেছে, ২০১৫ সালের মতো তৃতীয় প্রান্তিকেও শেয়ার লেনদেনে মন্দা ছিল। ২০১১ সালের ধসের পর সরকার নানা উদ্যোগ নিলেও তা ভালো কোনো ফল আনতে ব্যর্থ হয়েছে।
জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে মূল্যস্ফীতি, মুদ্রার বিনিময় হার স্থিতিশীল ছিল এবং বৈদেশিক মুদ্রার মজুত স্বস্তিকর অবস্থায় উন্নীত হয়েছে বলে এমসিসিআইয়ের পর্যালোচনায় উল্লেখ করা হয়। বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে পড়তির ধারা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে।
প্রতিবেদনে অর্থবছরের শেষ প্রান্তিক, অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ের একটি পূর্বাভাসও দেওয়া হয়। এ সময় রাজনৈতিক পরিস্থিতি অপেক্ষাকৃত শান্ত থাকবে; রপ্তানি, আমদানি, প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার মজুত বাড়বে এবং বিশ্ববাজারে পণ্যের দাম কমতে থাকায় এপ্রিল ও মে মাসে মূল্যস্ফীতির হার কমতে পারে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। তবে জুন মাসে পবিত্র রমজানের বাড়তি চাহিদার কারণে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা করা হয়েছে প্রতিবেদনে।
পর্যাপ্ত অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানির জোগান, নীতির ধারাবাহিকতা, দক্ষ জনশক্তি, রাজনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ-সহায়ক পরিবেশ—এগুলো অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর প্রধান নিয়ামক বলে উল্লেখ করা হয় প্রতিবেদনের সমাপনী পর্যবেক্ষণে। এতে বলা হয়, এসব ক্ষেত্রে বাধা দূর করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তবেই বাড়তি প্রবৃদ্ধির হার অর্জন করা সম্ভব হবে।