রাজস্ব প্রশাসনে ব্যাপক সংস্কার পরিকল্পনা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাংগঠনিক কাঠামোতে বড় ধরনের সংস্কার আনা হচ্ছে। এর আওতায় রাজস্ব আয়ের কার্যক্রম উপজেলা পর্যন্ত বিস্তৃত করা হচ্ছে। বর্তমানে সার্কেল অফিস ১০৮টির স্থলে ২৫৪টি করা হবে। একই সঙ্গে বিদ্যমান জনবল আরও প্রায় সাড়ে পাঁচ হাজার বাড়ানো হচ্ছে। এনবিআরের দাবি, সংস্কারের ফলে নতুন করদাতার সংখ্যা বাড়িয়ে বার্ষিক রাজস্ব আয় আগামী পাঁচ বছরে দুই লাখ ২৫ হাজার ৯৭৫ কোটি টাকায় উন্নীত করা যাবে। গত ২০০৯-১০ অর্থবছরে ৬২ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করেছে এনবিআর। চলতি অর্থবছর এ লক্ষ্যমাত্রা ৭৫ হাজার ৫৯০ কোটি টাকা নির্ধারণ করা আছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এই সংস্কার প্রস্তাব প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটি অনুমোদন করেছে। এখন এটি প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায়। অনুমোদন পেলে ২০১১-১২ অর্থবছর থেকে সংস্কার-কার্যক্রম বাস্তবায়ন শুরু হবে বলে কর কমিশনার আবদুল কাদের সরকার প্রথম আলোকে জানিয়েছেন। প্রস্তাব অনুযায়ী, এনবিআরের জনবল ৬০৮ জনে উন্নীত করা হবে। এই জনবল কাজে লাগিয়ে এনবিআর ২০১৫-১৬ অর্থবছরে দুই লাখ ২৫ হাজার ৯৭৫ কোটি টাকা রাজস্ব আদায় করতে সক্ষম হবে। বর্তমানে এনবিআরে সদস্য, প্রথম সচিব, দ্বিতীয় সচিবসহ বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ৪৬৭। ১৯৯১ সালের পর এনবিআরে আর নতুন করে জনবল বাড়ানো হয়নি। প্রস্তাবনায় আয়-ব্যয় বিশ্লেষণ করে বলা হয়েছে, বর্তমানে ১০০ টাকা রাজস্ব আদায় করতে ৩০ পয়সার কিছু বেশি খরচ হয়। আর নতুন জনবলসহ সংস্কার কার্যক্রম সম্পন্ন হলে ১০০ টাকা রাজস্ব আয় করতে ১৯ পয়সা খরচ হবে। যোগাযোগ করা হলে এ সম্পর্কে এনবিআরের সদস্য (শুল্ক ও বোর্ড প্রশাসন) ফরিদ উদ্দিন প্রথম আলোকে জানান, অর্থনীতির আকার বেড়েছে। তাই বেশি রাজস্ব আদায়ের স্বার্থে জনবল বৃদ্ধির বিকল্প নেই। এর পাশাপাশি রাজস্ব আদায়ব্যবস্থায় তথ্যপ্রযুক্তি ব্যবহার, করদাতাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। এ ছাড়া প্রশাসনিক জটিলতা এড়াতে অনলাইনে কর দেওয়ার ব্যবস্থাসহ করদাতার সঙ্গে কর আদায়কারীর সরাসরি যোগাযোগের সুযোগ দিতে হবে। নতুন পদ: এনবিআরে নতুন করে ১৪১টি পদ সৃষ্টির সুপারিশ করা হয়েছে। এর মধ্যে আয়কর এবং শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) বিভাগের প্রতিটিতে চারটি করে মোট আটটি নতুন সদস্যপদ সৃষ্টির প্রস্তাব রয়েছে। বর্তমানে এসব ক্ষেত্রে সাতজন সদস্য রয়েছেন। অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব মর্যাদার কর্মকর্তারা রয়েছেন এসব পদে। আয়কর, মূসক ও শুল্ক বিভাগের প্রতিটিতে তিনটি করে মোট নয়টি নতুন প্রথম সচিব পদের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ১৭ জন প্রথম সচিব রয়েছেন। এ ছাড়া কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) আয়কর, শুল্ক ও মূসকের জন্য প্রতিটিতে দুটি পরিচালক, চারটি যুগ্ম পরিচালক, দুটি উপপরিচালক, দুটি সহকারী পরিচালকের পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। রাজস্ব প্রশাসনের বিভিন্ন বিভাগে মোট ৩৮ জন দ্বিতীয় সচিব রয়েছে। নতুন ১৫ জন দ্বিতীয় সচিবের পদ সৃষ্টি করে ৫৩টিতে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ৮২টি ক্যাডারভুক্ত পদের সঙ্গে প্রথম শ্রেণীর ক্যাডারভুক্ত ৪৫টি নতুন পদ তৈরি করা হচ্ছে। প্রথম শ্রেণীর (নন ক্যাডার) কর্মকর্তার পদবিন্যাসে তেমন একটা পরিবর্তন করা হয়নি। শুধু নতুন দুজন সহকারী প্রোগ্রামারের পদ দেওয়া হয়েছে। বর্তমানে এনবিআরে প্রথম শ্রেণীর (নন ক্যাডার) কর্মকর্তা রয়েছেন ২৯ জন। তবে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার সংখ্যা পাঁচটি থেকে বাড়িয়ে আটটি করার সুপারিশ করা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সেলের তিনটি ইন্সপেক্টরের পদ সৃষ্টির প্রস্তাব রয়েছে। এ ছাড়া তৃতীয় শ্রেণীর পদসংখ্যা হবে ৩১৮টি, যোগ হবে আরও ৭২টি। এর মধ্যে নতুন করে ৫৪ জন ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ দেওয়া হবে। বর্তমানে ২৪৬টি তৃতীয় শ্রেণীর পদ রয়েছে। চতুর্থ শ্রেণীর পদ সংখ্যা বাড়ছে ৭২টি। বর্তমানে এই শ্রেণীতে ১০৫ জন কর্মচারী রয়েছেন। পদ সৃষ্টির যৌক্তিকতা: ১৯৯১ সালের পর কাস্টমস, এক্সাইজ ও মূসক বিভাগে নতুন করে জনবল নিয়োগ দেওয়া হয়নি। নতুন জনবলের পক্ষে যুক্তি তুলে ধরে এনবিআরের প্রস্তাবনায় বলা হয়েছে, বিগদ দুই দশকে মূসক প্রদানকারী শিল্পোদ্যোক্তা বা ব্যবসায়ী তিন হাজার ২০০ শতাংশ, আমদানি কার্যক্রম ৪৭১ শতাংশ, রপ্তানি কার্যক্রম দুই হাজার ৫৪ শতাংশ, বন্ডেড প্রতিষ্ঠানের সংখ্যা ৪৭৫ শতাংশ বেড়েছে। আর এ সময় রাজস্ব আদায় বেড়েছে ৬২০ শতাংশ।কিন্তু সম্প্রসারিত দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে বর্তমান পরোক্ষ কর ব্যবস্থাপনা অপ্রতুল। ২০১৬-১৭ অর্থবছরের মধ্যে মূসক নিবন্ধিত করদাতার সংখ্যা ২৩ লাখ ৬০ হাজারে উন্নীত হবে। বর্তমানে ছয় লাখ ৬০ হাজার মূসক নিবন্ধিত করদাতা রয়েছে। পরোক্ষ কর প্রশাসন সম্প্রসারণ: মাঠ পর্যায়ে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিস সম্প্রসারণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনীয় বর্ধিত জনবলকাঠামোও সচিব কমিটিতে অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে কাস্টমস ও ভ্যাট প্রশাসনে মাঠপর্যায়ে বিভিন্ন কমিশনারেট ও সার্কেল অফিসে মোট সাত হাজার ৪১৯ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। নতুন প্রস্তাবে আরও পাঁচ হাজার ২৪১টি পদ সৃষ্টি করা হয়েছে। এতে সর্বমোট পদসংখ্যা হবে ১২ হাজার ৬৬০। এর মধ্যে নতুন ১২টি কমিশনার, ২৩টি অতিরিক্ত কমিশনার, ২৭টি যুগ্ম কমিশনার, ৮৭টি উপকমিশনার ও ১৬৮টি সহকারী কমিশনারের পদ রয়েছে। এ ছাড়া দুই হাজার ৪৮৪ জন পরিদর্শক, ২১৫ জন উপপরিদর্শক ও এক হাজার ৮৮৫ জন সিপাই নিয়োগ দেওয়া হবে। এসব পদ সৃজন করতে চট্টগ্রাম অভ্যন্তরীণ কনটেইনার ডিপো (আইসিডি) ও পানগাঁওয়ে নতুন একটি শুল্কভবন সৃষ্টি করা হবে। ঢাকার পাশাপাশি চট্টগ্রামে একটি শুল্ক বন্ড কমিশনারেট স্থাপনের সুপারিশ করা হয়েছে। বিদ্যমান আটটির পাশাপাশি আরও চারটি মূসক কমিশনারেট স্থাপন করা হবে। ৮৪টি বিভাগীয় দপ্তর থাকবে, বর্তমানে ২৮টি রয়েছে। এ ছাড়া বর্তমানে ১০৮টি সার্কেল অফিস রয়েছে। নতুন কাঠামো অনুযায়ী ২৫৪টি সার্কেল অফিস হবে। অর্থনৈতিক কর্মকাণ্ড ভালো—এমন উপজেলাগুলোতে মূসক সার্কেল অফিস থাকবে।