রাজস্ব প্রাপ্তি ও লোকসানের তথ্য বাজেটে থাকা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুমায়ূন কবির
হুমায়ূন কবির

বাজেটে রাজস্ব আদায় পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যাটস অব বাংলাদেশের (আইসিএবি) সাবেক সভাপতি হুমায়ূন কবির
প্রথম আলো: আগামী অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী যে দেড় লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের পরিকল্পনা করেছেন, তা কতটুকু বাস্তবসম্মত?
হুমায়ূন কবির: বাজেট একটি গতানুগতিক কাঠামোর মধ্যে তৈরি হয়েছে, যে কাঠামোতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অনেকটা ওপর থেকে চাপিয়ে দেওয়ার মতো করে নির্ধারিত হয়। প্রথমে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি চূড়ান্ত করা হয়। তারপর সম্ভাব্য রাজস্ব ব্যয় ধরে রাজস্ব আদায়ের পরিকল্পনা করা হয়। কর কর্তৃপক্ষ তথা জাতীয় রাজস্ব বোর্ডের বা এনবিআরের নিজস্ব গবেষণা-বিশ্লেষণের আলোকে এটি হয় না বললেই চলে। এবারও মোটামুটি সেভাবেই বাজেট হয়েছে। সে কারণে ২০১৩-১৪ অর্থবছরের রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বেড়েছে প্রায় ৩০ শতাংশ। তাই এটা কতটা বাস্তবসম্মত, সে প্রশ্ন উঠছে। আবার গতানুগতিকতার কারণে বিভিন্ন খাতে করহার বৃদ্ধির ফলে এসব খাত থেকে কতটা কর আদায় হবে এবং বিভিন্ন কর ছাড় ও ভর্তুিকর ফলে কতটা রাজস্ব লোকসান হবে, তার কোনো বিবরণ বা তথ্য বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী দেননি। এভাবে একটা অস্বচ্ছতা রয়ে গেছে। আসলে কর বাড়ানো-কমানোর অভিঘাত বা ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন বাজেট দলিলে প্রকাশ করা খুবই প্রয়োজন। যেমন, বাজেটের আগেই যখন তৈরি পোশাক খাতের জন্য উৎসে কর হার দশমিক ৮ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৩ শতাংশ নির্ধারণের ঘোষণা দেওয়া হলো, তখন কিন্তু রাজস্ব বোর্ড বলেছিল যে প্রায় দুই হাজার কোটি টাকার রাজস্ব লোকসান হবে। তার মানে, এ ধরনের হিসাব দেওয়া সম্ভব।
প্রথম আলো: বলা হয়েছে যে এবারের বাজেটে প্রত্যক্ষ করের ওপর আগের তুলনায় একটু বেশি জোর দেওয়া হয়েছে। বিষয়টি িক আসলেই তাই?
হুমায়ূন কবির: সে রকম একটি চেষ্টা আমরা দেখেছি। যেমন, আয় ও মুনাফার ওপর থেকে কর আদায়ের লক্ষ্যমাত্রা ২৬ শতাংশ বাড়িয়ে করা হয়েছে ৫৬ হাজার কোটি টাকা। করমুক্ত আয়সীমা বাড়ানো হয়নি। বছরে যাঁদের আয় ৪৪ লাখ ২০ হাজার টাকা বা তার বেশি, তাঁদের সেই আয়ের ওপর ৩০ শতাংশ সুপার ট্যাক্স আরোপ করা হয়েছে। দুই কোটি টাকা বা তার বেশি মূল্যমানের সম্পদের ওপর চার স্তরে সারচার্জ আরোপ করা হয়েছে। ফলে যে ব্যক্তি সুপার ট্যাক্স ও সর্বোচ্চ ৩০ শতাংশ হারে সারচার্জ দেবেন, তাঁর আয়কর সর্বসাকল্যে সাড়ে ৩৭ শতাংশ হারে গিয়ে ঠেকবে। এটা করপোরেট আয়করের সমান। আর বর্তমানে সাড়ে ৩৭ থেকে সাড়ে ৪২ শতাংশ পর্যন্ত করপোরেট আয়কর রয়েছে। এখন ব্যক্তিশ্রেিণর সর্বোচ্চ আয়কর করপোরেট আয়করের সর্বনিম্ন হারের সমান হয়ে যাওয়ায় অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। কিন্তু আমাদের মনে রাখা উচিত, দেশে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের কর্মকর্তারা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশাজীবী এখন বেশ মোটা অঙ্কের অর্থ উপার্জন করেন, নগদ অর্থের বাইরেও বিভিন্ন সুযোগ-সুবিধা পান। কাজেই তাঁরা সুপার ট্যাক্সের আওতায় আসতেই পারেন। আমাদের মতো সনদধারী হিসাববিদ পেশাজীবীদের কথাই ধরেন। আমরা এই গরিব দেশে রাষ্ট্রীয় ভর্তুিকতে নামমাত্র খরচে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেিছ। আর এই দেশেই আমরা ভালো আয়-উপার্জন করছি। তাহলে একটু বেশি আয়কর দিতে সমস্যা কোথায়? বরং এর মাধ্যমে সরকারের ওপর একটা চাপ তৈরি করা যায় যে আমার করের টাকা যেন যথাযথভাবে খরচ হয়।
প্রথম আলো: সুপার ট্যাক্স আরোপের বা সম্পদের সারচার্জ যুক্ত করে আয়কর করপোরেট করের সমপর্যায়ে নিয়ে যাওয়ার আর কোনো যৌক্তিকতা আছে িক?
হুমায়ূন কবীর: আছে। যাঁরা ব্যবসা করছেন, তাঁরা অনেকেই প্রোপ্রাইটরশিপ বা পার্টনারশিপ আকারে করছেন এবং ব্যবসার আয়-ব্যয় ও ব্যক্তিগত আয়-ব্যয়ের মধ্যে নিজেদের সুবিধামতো সমন্বয় করছেন। মানে, অনেক সময় নিজের আয়ের কিছু অংশ ব্যবসার আয়ে দেখিয়ে বা উল্টোটা করে আয়কর কম দিচ্ছেন, আবার নিজের ব্যয় ব্যবসার ব্যয়ে দেখিয়ে নিজের খরচ কমাচ্ছেন। ব্যক্তির আয় ও করপোরেট আয় কাছাকাছি চলে এলে এই প্রবণতা কিছুটা কমবে, যদিও তা রাতারাতি হবে না। অনেকেই পর্যায়ক্রমে ব্যবসাকে কোম্পানিতে রূপান্তর করবেন। তাতে ব্যবসায়িক কর্মকাণ্ড অনেক বেশি নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার মধ্যে আসবে। সর্বোপরি সমাজে যে বিরাট ধনবৈষম্য তৈরি হয়েছে ও বাড়ছে, তা নিয়ন্ত্রণ করা জরুরি। বেশি আয়ের ওপর বেশি কর ও সম্পদের ওপর সারচার্জ বসানোর মাধ্যমে বৈষম্য নিয়ন্ত্রণের দিকে যেতেই হবে।
প্রথম আলো: মূল্য সংযোজন কর বা পরোক্ষ করের ওপর নির্ভরতা তো কমানো উচিত ?
হুমায়ূন কবির: হ্যঁা। তবে তা সময় লাগবে। মূসক বা ভ্যাটের অভিঘাত ধনী-গরিবনির্বিশেষে সবার ওপরই সমান। কাজেই সংস্কার প্রয়োজন। নতুন মূসক আইন করা হয়েছে, যা ২০১৫ সাল থেকে কার্যকর হবে। সমস্যা হলো, এখন ভ্যাটের কয়েকটি হার রয়েছে যদিও বেশির ভাগ ক্ষেত্রেই সর্বোচ্চ ১৫ শতাংশ হার প্রযোজ্য। নতুন আইন কার্যকর হলে একটি মাত্র হার থাকবে। সেটি যদি হয় ১৫ শতাংশ, তাহলে তা অত্যন্ত অন্যায্য হবে। আমি মনে করি, এই হার এক অঙ্কের ঘরে নামিয়ে আনা উচিত।
প্রথম আলো: ভর্তুিকর অর্থও তো করের টাকাতেই দেওয়া হয়। বাজেটে এ বিষয়ে কোনো সংস্কার প্রয়োজন আছে িক?
হুমায়ূন কবির: ক্রমাগত লোকসান গুনছে যে রাষ্ট্রীয় মালিকানাধীন করপোরেশন ও প্রতিষ্ঠানগুলো, সেগুলোর বিষয়ে কিছু দৃঢ় পদক্ষেপ প্রয়োজন। প্রয়োজন যোগ্য-দক্ষ পেশাদার লোক দেওয়া, যেন তাঁরা সঠিকভাবে প্রতিষ্ঠানগুলো চালাতে পারেন৷ তা না করে কেন এই প্রতিষ্ঠানগুলোকে বছরের পর বছর জনগণের করের টাকায় চালিয়ে যাওয়া হবে? আবার গতবারের মতো এবারের বাজেটেও শুধু রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোকে পাঁচ হাজার কোটি টাকা পুনর্মূলধন জোগান দেওয়া হচ্ছে জনগণের করের টাকায়। এগুলোর দায় কেন জনসাধারণ বহন করবে?
[সাক্ষাৎকার নিয়েছেন আসজাদুল কিবরিয়া]