রাজস্ব বাড়াতে চালু হবে 'ব্যবহারকারী কর': মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবহারকারী কর (ইউজার্স ট্যাক্স) নামে ভবিষ্যতে নতুন ধরনের কর আরোপের চিন্তার কথা জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে আমরা রাজস্বের জন্য নতুন উৎস খুঁজব এবং সেটি হবে ব্যবহার কর। বিভিন্ন সেবা ভোগ করতে সক্ষমেরাই এ কর দেবেন।’ রাজস্ব আদায় বৃদ্ধির স্বার্থেই এমন চিন্তা করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। খবর ইউএনবির।
রাজধানীর অফিসার্স ক্লাবে গতকাল রোববার ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস’ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
বরাবরের মতো বাংলাদেশসহ বিশ্ব কাস্টমস সংস্থার (ডব্লিউসিও) সদস্য ১৭৯ দেশে একযোগে পালিত হয় এ দিবস। সেমিনারের যৌথ আয়োজক জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ কাস্টমস। এনবিআর সদস্য মো. নাসিরউদ্দিনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও কাস্টমস বন্ড কমিশনার এম শহীদুল ইসলাম এতে বক্তব্য দেন।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন পানগাঁও কাস্টম হাউসের কমিশনার এম মাসুদুল কবির।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, একসময় রাজস্বের বড় অংশ আসত আমদানি শুল্ক থেকে। এখন দিনে দিনে তা কমেছে। আগামী দিনে আরও কমবে। ২৫ বছর পরে হয়তো আন্তর্জাতিক শুল্ক দিবস আর থাকবেই না।
অনুষ্ঠানে নিয়মিত ভিত্তিতে কাস্টমস কর্মকর্তাদের সম্পদের বিবরণী অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যাচাই করা উচিত বলে মত প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
অ্যাটর্নি জেনারেল বলেন, গুরুত্বপূর্ণ এই বিভাগটির দুর্নীতির জন্য কুখ্যাতি আছে। তাই স্বচ্ছতা ও জবাবদিহির স্বার্থে অর্থ মন্ত্রণালয়কে এই বিভাগের কর্মকর্তাদের সম্পদের বিবরণী যাচাই করতে হবে। মিলিয়ে দেখতে হবে আয়ের সঙ্গে এঁদের সম্পদের মিল আছে কতটুকু।
মাহবুবে আলম আরও বলেন, ‘দেশের একশ্রেণীর ব্যবসায়ীর মধ্যে রাজস্ব দেওয়ার প্রবণতা কম। রাজস্ব ফাঁকি দিতে সব সময়ই নানা বাহানায় থাকেন তাঁরা। তাঁদের সুবিধা হয়, যদি কাস্টমস কর্মকর্তা বোকা হয়ে থাকেন।’
এদিকে, চট্টগ্রাম কাস্টম হাউস মিলনায়তনে গতকাল অনুষ্ঠিত আরেক সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। কাস্টম হাউসের কমিশনার মাসুদ সাদিকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন এনবিআর সদস্য ফরিদ উদ্দিন ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।