রাজস্ব বাড়াতে দৃষ্টি স্থলবন্দরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজস্ব আদায় বাড়াতে স্থলবন্দরগুলোর দিকে নজর দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর অংশ হিসেবে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল গত বুধবার দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে গেছে। সেখানে নজিবুর রহমান স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় সংবাদ সম্মেলনে এনবিআরের চেয়ারম্যান বলেন, বাংলাদেশকে একটি রাজস্ববান্ধব সংস্কৃতিসম্পন্ন দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বর্তমান সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর রূপকল্প ২০২১-২০৪১ বাস্তবায়নে ভবিষ্যতে রাজস্ব সংগ্রহ বাড়াতে স্থলবন্দরগুলোর সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। অবস্থানগত কারণে ব্যাপক সম্ভাবনাময় বাংলাবান্ধা স্থলবন্দরকে কার্যকর বন্দরে রূপান্তরের মাধ্যমে চীনের সঙ্গে বাণিজ্য সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।
নজিবুর রহমান গত বুধবার রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশন পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সেখানেই অনুষ্ঠিত মতবিনিময় সভায় পঞ্চগড় আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি
মেহেদি হাসান খান, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল, পঞ্চগড় চেম্বারের সভাপতি আশরাফুল আলম পাটোয়ারি বক্তৃতা করেন।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমানের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধিদলটি মতবিনিময় সভায় বাংলাবান্ধা স্থলবন্দরের বিভিন্ন সমস্যার কথা শোনে এবং সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেয়।