রাজস্ব বিরোধ মেটাতে বিকল্প নিষ্পত্তি পদ্ধতি প্রবর্তন হচ্ছে
আয়কর ও মূল্য সংযোজন কর (মূসক) সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য সরকার প্রচলিত আদালতের বাইরে বিকল্প সুযোগ তৈরি করেছে। এর ফলে কোনো করদাতা যদি মনে করেন যে রাজস্ব নির্ধারণে সংশ্লিষ্ট কমিশনারেট বা কর আপিল কর্তৃপক্ষের কাছে তিনি সুবিচার পাননি, তাহলে এই বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) প্রক্রিয়ার আশ্রয় নিতে পারবেন।আগামী ২০১১-১২ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টির কথা বলা হয়েছে। আয়কর অধ্যাদেশের ১৫২(এফ) ধারায় আর মূসক আইনের ৪১(ক) ধারায় এই বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা এমন একটি বিচারিক পদ্ধতি, যার মাধ্যমে বাদী ও বিবাদীরা আদালতের বাইরে আইনজীবীর মধ্যস্থতায় বিরোধ নিষ্পত্তি করতে পারবেন।আয়কর বা মূসক-সংক্রান্ত সংশ্লিষ্ট কমিশনারে কোনো মূল্য নির্ধারণে আপত্তি থাকলে কিংবা উচ্চ আদালত কিংবা আপিল কর্তৃপক্ষ কর্তৃক নিষ্পন্নাধীন কর মামলা সমাধানের জন্য বিকল্প বিরোধ নিষ্পতির জন্য আবেদন করতে পারবেন করদাতারা।তবে কর জালিয়াতি কিংবা করসংক্রান্ত ফৌজদারি অপরাধের অভিযোগের জন্য বিকল্প বিরোধ নিষ্পত্তিতে যেতে পারবেন না তাঁরা।স্বনির্ধারণী বা কোনো করদাতার তাঁর নিজের দেওয়া বিবরণী অনুযায়ী আয়কর প্রদান করার পর তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য না হলে কর কর্তৃপক্ষ ওই করদাতাকে প্রাপ্য কর আদায়ের জন্য নোটিশ দিতে পারেন। একইভাবে মূসক কর্তৃপক্ষও প্রাপ্য কর আদায়ের জন্য নোটিশ দিতে পারেন। সে ক্ষেত্রে নোটিশ পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে যেতে পারবেন সংশ্লিষ্ট করদাতারা।এ ছাড়া বিকল্প বিরোধ নিষ্পত্তিযোগ্য কোনো মামলা, যা উচ্চ আদালতে নিষ্পন্নাধীন রয়েছে, সংশ্লিষ্ট করদাতা চাইলে অনুমতি সাপেক্ষে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তিতে যেতে পারবেন।এনবিআর তথা সংশ্লিষ্ট কমিশনারেট কর্তৃক মূল্যায়নে আপত্তি রয়েছে, এমন আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ দিন আর আপিল ট্রাইব্যুনাল ও উচ্চ আদালতে নিষ্পন্নাধীন মামলার ক্ষেত্রে সর্বোচ্চ ৬০ দিনে বিকল্প পন্থায় বিরোধ নিষ্পত্তি করতে হবে।বিকল্প বিরোধ নিষ্পত্তিতে যেতে হলে আবেদনকারী করদাতা ও কর কর্তৃপক্ষের মধ্যে আনুষ্ঠানিকভাবে মতৈক্য হতে হবে যে এই প্রক্রিয়ায় যে রায় বা সিদ্ধান্ত আসবে, তা উভয় পক্ষই মেনে নেবে। সে ক্ষেত্রে ঘোষিত রায় বা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষ বা অন্য কোনো আদালতের দ্বারস্থ হওয়া যাবে না।এ ছাড়া করদাতা বা আবেদনকারী ব্যক্তি যদি মতৈক্যের ভিত্তিতে উপনীত কোনো পাওনা, জরিমানা বা সুদ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে ব্যর্থ হন, তা হলে আয়কর আইনের ৫৬ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধানও রাখা হয়েছে।এনবিআর সূত্রে জানা গেছে, শুল্কসংক্রান্ত বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য একজন চেয়ারম্যান, দুজন ভাইস চেয়ারম্যান, দুজন সদস্য ও একজন কমিশনার নিয়ে কমিশন গঠন করা হচ্ছে। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পদমর্যাদা হবে এনবিআরের সদস্য পর্যায়ে। এ ছাড়া সদস্য দুজনের মধ্যে একজন হবেন কৌশলিক (টেকনিক্যাল) সদস্য এবং অপরজন হবেন বিচারিক সদস্য।আর আয়করসংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য একজন চেয়ারম্যানের নেতৃত্বে একই কাঠামোর কমিশন গঠন করা হবে।এনবিআরের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, আয়কর, শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) সংক্রান্ত ১৬ হাজার ১৭২টি মামলা আদালতে বিচারাধীন আছে। এর মধ্যে শুল্কসংক্রান্ত মামলার সংখ্যা ১২ হাজার ৫৬৯টি। এর বিপরীতে আটকে আছে এক হাজার ৭৩৯ কোটি টাকা। মূসকসংক্রান্ত মামলা বিচারাধীন আছে প্রায় দুই হাজার ২৩টি। এর বিপরীতে রাজস্ব আটকে আছে প্রায় তিন হাজার ১১২ কোটি টাকা।এ ছাড়া আয়করসংক্রান্ত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে বিচারাধীন পুঞ্জীভূত রিট ও আপিল মামলা রয়েছে এক হাজার ৫৮০টি এবং এর বিপরীতে রাজস্ব আটকে আছে প্রায় এক হাজার ৭০০ কোটি টাকার বেশি।যুক্তরাষ্ট্র, ভারতসহ পৃথিবীর বহু দেশে রাজস্ব খাতে বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা চালু রয়েছে।