রাজস্ব বোর্ডের জনবল বাড়ানোর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনবল বাড়ানোর সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল রোববার কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।কমিটির সভাপতি আ হ ম মুস্তাফা কামাল বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘রাজস্ব বোর্ডে ১৯৯২-৯৩ সালে যে জনবল ছিল এখনো সেই জনবল নিয়েই কাজ করছে এনবিআর। কাজের পরিধি বাড়লেও বিভিন্ন জটিলতায় জনবল বাড়ানো সম্ভব হয়নি।’ মুস্তাফা কামাল এনবিআরের কাজে সন্তোষ প্রকাশ করে বলেন, অর্থমন্ত্রীর দক্ষ নেতৃত্বে কম জনবল থাকার পরও ভালোভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সংসদীয় কমিটি এনবিআরকে মোট ৫২টি সুপারিশ করেছে। যার মধ্যে বাস্তবায়ন হয়েছে ৩৩টি। বাকি ১৯টি বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। তিনি বলেন, জনগণ যাতে সহজেই আয়কর দিতে পারে, সে কারণে আয়কর পরিশোধের বিষয়টি আরও সহজ করতে ভ্যাট ও আয়কর আইন সংশোধনের এসব সুপারিশ করে সংসদীয় কমিটি। মুস্তাফা কামাল জানান, গত সাত মাসে এনবিআরের মাধ্যমে সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩১ হাজার ১৩৫ কোটি টাকা। এর মধ্যে আদায় হয়েছে ৩১ হাজার ১২৫ কোটি টাকা। গত বছরের একই সময়ের চেয়ে যা ১৬ শতাংশ বেশি। এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার ৯৯ শতাংশ সফল হওয়ায় প্রশংসা করেছে স্থায়ী কমিটি। সংসদীয় কমিটির বৈঠকে সাংসদ এ কে এম মাঈদুল ইসলাম, মো. তাজুল ইসলাম ও ফরিদা রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।