রাজস্ব ভবন নির্মাণের দরপ্রস্তাব অনুমোদিত
জাতীয় রাজস্ব ভবন নির্মাণের দরপ্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ‘জাতীয় রাজস্ব ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় আপাতত ৮৩ কোটি ৮৩ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। নির্মাণকাজের ক্রয় বা সংগ্রহ বাবদ এ অর্থ ব্যয় করা হবে।গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সভাপতিত্ব করেন।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নূরুল করিম সাংবাদিকদের এ অনুমোদনের কথা জানান। বৈঠকে এ ছাড়া আরও ছয়টি দরপত্র অনুমোদনের কথা জানান তিনি।এর মধ্যে একটি হলো ১১২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৩০ হাজার টন নন-বাসমতি চাল আমদানি। প্রতি টন ৫২৭ ডলার দরে এ চালের সরবরাহকারী এলএমজে ইন্টারন্যাশনাল।অনুমোদিত আরও তিনটি দরপত্র স্টেডিয়ামের সংস্কার-সম্পর্কিত। আইসিসি বিশ্বকাপ ২০১১-এর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সংস্কার করা হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এটি চলমান প্রকল্প। সংশোধিত হিসেবে স্টেডিয়ামে চেয়ার সরবরাহ ও স্থাপন, অর্থাৎ অতিরিক্ত কাজের জন্য অনুমোদন দেওয়া হয়েছে এক কোটি ৩৬ লাখ টাকা। এ ছাড়া শেরেবাংলা স্টেডিয়ামের সংস্কারে অতিরিক্ত কাজের জন্য দুই কোটি আট লাখ এবং খুলনায় শেখ আবদুল নাসের স্টেডিয়াম সংস্কারের জন্য সাত কোটি ১২ লাখ টাকা বরাদ্দ।অন্যদিকে চলতি ২০১১ সালের জানুয়ারি-ডিসেম্বর সময়ে বিভিন্ন গ্রেডের জ্বালানি তেল আমদানির পরিমাণ এবং জানুয়ারি-জুন সময়ের প্রিমিয়াম অনুমোদন করা হয়েছে। সিঅ্যান্ডএফ চট্টগ্রাম ভিত্তিতে অর্থের পরিমাণ ৩৩৬ কোটি ৬৪ লাখ টাকা। পেট্রোনাস ট্রেডিং করপোরেশন এসডিএনবিএইচডি (পেটকো) এর সরবরাহকারী।ফিলিপাইনের পিএনওসি এক্সপ্লোরেশন করপোরেশন থেকে আমদানি করা তেলের প্রিমিয়াম ৫০৪ কোটি ১০ লাখ টাকা।তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক নম্বর জেটির উজানে সার্ভিস জেটি পুনর্নির্মাণ কাজের জন্য প্রাপ্ত দরপত্র আবারও উপস্থাপনের জন্য ফেরত পাঠানো হয়েছে।