রাজস্ব মামলা দ্রুত নিষ্পত্তিতে তৈরি হচ্ছে সফটওয়্যার
শুল্ক-কর সংক্রান্ত মামলা ডিজিটাল পদ্ধতিতে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য একটি ‘ডিজিটাল স্যুট ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যার চালু করতে চায় সংস্থাটি।
এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এনবিআরের সদস্য (শুল্ক রপ্তানি ও বন্ড) হুসেইন আহমেদকে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী সাত দিনের মধ্যে ডিজিটাল স্যুট ম্যানেজমেন্ট সিস্টেম সংক্রান্ত সফটওয়্যার চালুর সম্ভাব্যতা যাচাই-বাছাই করে প্রতিবেদন পেশ করবে।
এনবিআর সূত্রে জানা গেছে, আয়কর, শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) সংক্রান্ত ২৩ হাজার মামলা চলমান রয়েছে। এসব মামলায় সরকারের ২৬ হাজার কোটি টাকার রাজস্ব জড়িত। বর্তমান পদ্ধতিতে এসব মামলা দ্রুত পরিচালনা ও নিষ্পত্তি করা সম্ভব হয় না। এ ছাড়া দিন দিন মামলার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি অনাদায়ি রাজস্বের পরিমাণও বাড়ছে।