বিভিন্ন সময়ে আদালতের দেওয়া রাজস্ব মামলা-সংক্রান্ত রায়গুলোর সংকলন তৈরি করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সংকলন তৈরি করার উদ্দেশ্য হলো, বিদ্যমান অনিষ্পন্ন রাজস্ব মামলাগুলো আরও যথাযথ পরিচালনা করা। এ সংকলন তৈরি করতে এনবিআর ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের তিনজন করে মোট ছয়জনের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সঙ্গে এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভায় এ সিদ্ধান্ত হয়। এনবিআরে এ সভা হয়। এনবিআরের সর্বশেষ হিসাবমতে, আয়কর, শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) সংক্রান্ত ২৩ হাজার ২৮৯টি মামলা সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে বর্তমানে বিচারাধীন রয়েছে। এসব মামলায় প্রায় ২৯ হাজার কোটি টাকার রাজস্ব জড়িত রয়েছে। বছরের পর বছর ধরে এসব মামলা নিষ্পত্তি না হওয়ায় বিপুল অঙ্কের রাজস্ব আদায় করতে পারছে না এনবিআর। আগামী ১৪ নভেম্বর রাজস্ব-সংক্রান্ত মামলাগুলো সুষ্ঠুভাবে পরিচালনা ও নিষ্পত্তির জন্য জাতীয় কর্মশালার আয়োজন করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক