রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হলেও প্রবৃদ্ধি কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য বিদায়ী ২০১১-১২ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ভালোভাবেই অর্জিত হয়েছে। তবে প্রবৃদ্ধি আগের চেয়ে কমেছে। এই অর্থবছরের ৯৪ হাজার ৫৮১ কোটি তিন লাখ টাকার সমপরিমাণ রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এটি আগের ২০১০-১১ অর্থবছরের চেয়ে প্রায় ১৯ শতাংশ বেশি। আগের বারের মতো গত অর্থবছরেও বার্ষিক রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা সংশোধন করে বাড়িয়ে ৯২ হাজার ৩৭০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল। বাস্তবে লক্ষ্যমাত্রার চেয়ে দুই হাজার ২১১ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। ২০১০-১১ অর্থবছরে ৭৯ হাজার ৪০৩ কোটি ১১ লাখ টাকার সমপরিমাণ রাজস্ব আদায় করেছিল এনবিআর। সে বছর রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ছিল ২৬ দশমিক ৮৪ শতাংশ বেশি।গতকাল বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এনবিআরের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য ফরিদউদ্দিন, এনায়েত হোসেন, বশির উদ্দিন আহমেদ প্রমুখ। কালোটাকা সাদা করা প্রসঙ্গে এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে অপ্রদর্শিত অর্থ আছে। বিনিয়োগের মাধ্যমে এই অর্থ অর্থনীতির মূলধারায় আনার চেষ্টা করছে সরকার। এ জন্য বিভিন্ন সময় সুযোগ দেওয়া হয়েছে। রাজস্ব আদায় পরিস্থিতি: সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিদায়ী বছরে স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) খাতে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে। এই খাতের আদায়ের পরিমাণ ৩৪ হাজার ৪৫৮ কোটি টাকা। একই সময়ে সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৩২ হাজার ৯৬২ কোটি টাকা। আর প্রবৃদ্ধির হার ২২ দশমিক ৯৬ শতাংশ। ২০০৯-১০ অর্থবছরে এই খাতে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২৮ হাজার ২৩ কোটি ৯৮ লাখ টাকা। আমদানি ও রপ্তানি পর্যায়ে মোট রাজস্ব আদায় হয়েছে ৩১ হাজার ৩৮৬ কোটি ২৪ লাখ টাকা। আর প্রবৃদ্ধির হার ১১ দশমিক ৮২ শতাংশ। বিদায়ী অর্থবছরের এই খাতে লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার ৮৭৬ কোটি টাকা। ২০০১০-১১ অর্থবছরে আমদানি ও ও রপ্তানি পর্যায়ে রাজস্ব আদায় হয়েছিল ২৭ হাজার ৯৫৯ কোটি ৫৬ লাখ টাকা। এদিকে ২০১১-১২ অর্থবছরে আয়কর ও ভ্রমণ করসহ মোট প্রত্যক্ষ কর আদায় হয়েছে ২৮ হাজার ৭৩৫ কোটি ৮৩ লাখ টাকা। এর মধ্যে আয়কর আদায় হয়েছে ২৮ হাজার ২৬১ কোটি ৮৭ লাখ টাকা। আয়করে প্রবৃদ্ধি ২২ দশমিক ৭৯ শতাংশ। আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২৭ হাজার ৮৬১ কোটি টাকা। ২০১০-১১ অর্থবছরে আয়কর আদায় হয়েছিল ২৩ হাজার সাত কোটি টাকা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্পর্কে নাসিরউদ্দিন আহমেদ বলেন, ‘সমাজের বিভিন্ন স্তরে আয়কর আদায়ের বিষয়ে কাজ করেছি। ধারাবাহিকভাবে রাজস্ব আদায় বাড়ানো সম্ভব হয়েছে। প্রতিটি দেশেই অনাদায়ী কর আদায়ের ক্ষেত্র রয়েছে। এই ক্ষেত্রগুলো চিহ্নিত করে সেখান থেকে কর আদায়ের চেষ্টা করা হচ্ছে।’ চলতি ২০১২-১৩ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এক লাখ ১২ হাজার ২৫৯ কোটি টাকা। এনবিআরের চেয়ারম্যান বলেন, ‘তিন বছরের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা মনে করি লক্ষ্য অর্জন সম্ভব। বিশ্বমন্দার মধ্যে রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়বে না। কেননা, বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতির ভিত অনেক সুসংহত। আর সেখান থেকেই বড় অংশের রাজস্ব আদায় হয়ে থাকে।’ নাসিরউদ্দিন জানান, আগামী নভেম্বর মাসের মধ্যে মাঠ পর্যায়ে আরও লোকবল নিয়োগ করবে এনবিআর। এ বছরের লক্ষ্য অর্জনে এনবিআর আটটি কৌশল জানিয়েছে। এগুলো হলো: কর প্রশাসনের দক্ষতা বৃদ্ধি, কর আদায় নিবিড় তদারকি ও পর্যালোচনা, প্রচার-প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধি, আয়কর, মূসক ও শুল্ক ব্যবস্থাপনা ডিজিটাইজ করা, বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রথা জোরদার করা, কর ফাঁকি রোধ, উৎসে কর আদায় নিশ্চিত করা ও কর বিভাগের সম্প্রসারণ।