রাজস্ব লক্ষ্যমাত্রায় হোঁচট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। এ আকাঙ্ক্ষা অর্জনে বছরের শুরুতেই অনেকটা হোঁচট খেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির রাজস্ব আদায়ের গতিতে টান পড়েছে। যে আকাঙ্ক্ষা অনুযায়ী রাজস্ব আদায় করার কথা ছিল, তা ধরে রাখা সম্ভব হচ্ছে না।
চলতি ২০১৪-১৫ অর্থবছরে এক লাখ ৪৯ হাজার ৭২০ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত অর্থবছরে এ লক্ষ্য ছিল এক লাখ ২৫ হাজার কোটি টাকা। সেই হিসাবে, এ বছর ২০ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করতে হবে। কিন্তু সেই ধারা বছরের শুরু থেকে ধরে রাখা যাচ্ছে না।
এনবিআর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-আগস্ট) রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির হার মাত্র ১৫ দশমিক ৮৭ শতাংশ। আলোচ্য সময়ে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) ও আয়কর মিলিয়ে মোট ২৮ হাজার ২৪২ কোটি ৩৭ লাখ টাকার রাজস্ব আদায় করেছে এনবিআর। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল ২৪ হাজার ৩৫৪ কোটি টাকা। আমদানি ও স্থানীয় পর্যায়ে কোনোটিতেই আকাঙ্ক্ষা অনুযায়ী লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি। এমনকি আয়কর খাত থেকেও লক্ষ্য অনুযায়ী অর্জিত হয়নি।
উল্লেখ্য, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ৩৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের প্রাথমিক লক্ষ্য ছিল।
এ প্রসঙ্গে এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, সামগ্রিকভাবে এনবিআরের লক্ষ্য অর্জনযোগ্য নয়। এনবিআরে এখন নেতৃত্ব-সংকট রয়েছে। এবার আয়কর থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায়ের পরিকল্পনা করা হয়েছে। কিন্তু সম্প্রতি বেশ কয়েকজন কমিশনারকে বদলি করা হয়েছে। ফলে তাঁরা নিজেদের রাজস্ব আদায় পরিকল্পনা করতে পারেননি। অন্যদিকে এনবিআর চেয়ারম্যান জানুয়ারি মাসে অবসরে যাচ্ছেন।
মজিদের মতে, আয়করের একটি বড় অংশ আসে ব্যাংক ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে। এ বছর এসব প্রতিষ্ঠান কর দিচ্ছে গত অর্থবছরের আয়ের ওপর। কিন্তু গত অর্থবছরের একটি বড় সময় ধরে রাজনৈতিক অস্থিরতা, হরতাল, অবরোধ থাকায় ব্যবসা-বাণিজ্য ভালো ছিল না। প্রকৃত মুনাফা তুলনামূলক অনেক কম হয়েছে।
এনবিআরের একজন কর্মকর্তা দাবি করেছেন, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে দুটি ঈদ উৎসব উদ্যাপিত হওয়ায় অভ্যন্তরীণ বাজারে পণ্যের সরবরাহ বেশি ছিল। ফলে স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) আদায় ভালো ছিল। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় সামনের দিনে রাজস্ব আদায় আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
আদায় পরিস্থিতি: এনবিআর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে আমদানি পর্যায়ে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) সম্পূরক শুল্কসহ অন্যান্য শুল্ক আদায়ের পরিমাণ নয় হাজার ৯৯ কোটি ৮৯ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল সাত হাজার ৮১৮ কোটি ৪০ লাখ টাকা। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ১১ শতাংশ। আমদানি পর্যায়ে সবচেয়ে বেশি মূল্য সংযোজন কর (মূসক) চার হাজার ১৫১ কোটি টাকা আদায় হয়েছে। এ ছাড়া আমদানি শুল্ক তিন হাজার ৬০৭ কোটি টাকা আদায় হয়েছে।
স্থানীয় পর্যায়ে সাধারণত মূল্য সংযোজন কর (মূসক), আবগারি শুল্ক, সম্পূরক শুল্ক ও টার্নওভার ট্যাক্স আদায় করা হয়। জুলাই-সেপ্টেম্বর সময়ে এ খাতে রাজস্ব আদায় হয়েছে সাড়ে ১০ হাজার কোটি টাকা। গত বছরের একই সময়ের চেয়ে এক হাজার ৪২৪ কোটি টাকা বেশি আদায় হয়েছে। চলতি অর্থবছরের আলোচ্য সময়ে এই খাতে প্রবৃদ্ধি ১৫ দশমিক ৬৯ শতাংশ। স্থানীয় পর্যায়ে মূসক আদায় হয়েছে ছয় হাজার ৯৬৩ কোটি টাকা। আর সম্পূরক শুল্ক তিন হাজার ৪৯৪ কোটি টাকা, আবগারি শুল্ক ৪১ কোটি টাকা ও টার্নওভ ার কর এক কোটি ছয় লাখ টাকা আদায় হয়েছে।
প্রত্যক্ষ কর আদায়ে সবচেয়ে কম, ১৫ দশমিক ৮৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ খাতে আলোচ্য সময়ে কর আদায় হয়েছে আট হাজার ৬৪১ কোটি টাকা। গত বছর একই সময়ে সাত হাজার ৪৫৯ কোটি টাকা আদায় হয়েছিল। আর আয়কর খাতে এ বছর আদায় হয়েছে আট হাজার ৪৩৬ কোটি টাকা। তবে ভ্রমণ করের হার এ বছর থেকে বাড়ানো হয়েছে। তাই গতবারের চেয়ে ৫০ শতাংশ হয়ে প্রথম তিন মাসে ২০৫ কোটি টাকা আদায় হয়েছে।
এনবিআর এখন কর আদায়ের লক্ষ্য অর্জনে ফাঁকি দেওয়া কর বা অনাদায়ি কর আদায়ে বিভিন্ন ধরনের অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে চিকিৎসক, প্রকৌশলী, খেলোয়াড়, ঠিকাদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার করদাতারা সঠিকভাবে কর দিচ্ছে কি না, সেই বিষয়ে তদারক করছে। এসব শ্রেণি-পেশার করদাতাদের কর নথি যাচাই-বাছাই করা হচ্ছে।
ইতিমধ্যে সব কর কমিশনারেটকে কর ফাঁকি ধরতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতি কর অঞ্চলে কমপক্ষে ৫০টি করনথি যাচাই-বাছাই করার নির্দেশ দিয়েছে এনবিআর।
বিবরণী জমার সময় শেষ আজ: ব্যক্তিশ্রেণির বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ রোববার। গতকাল শনিবার ছুটির দিনও হওয়া সত্ত্বেও করদাতাদের সুবিধার্থে আয়কর কার্যালয় ও ব্যাংকের শাখা সীমিত পরিসরে বিশেষ ব্যবস্থায় খোলা রাখা হয়।
এর আগে দুই দফা সময় বাড়ানো হলেও এবার আর সেই উদ্যোগ আপাতত নেই। গত ২ নভেম্বর সর্বশেষ সময় বাড়ানোর আদেশেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ ঘোষণা দিয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, গত সপ্তাহ পর্যন্ত প্রায় ছয় লাখ কর শনাক্ত নম্বরধারী (টিআইএন) আয়কর বিবরণী জমা দিয়েছেন। গত বছর সব মিলিয়ে প্রায় ১০ লাখ করদাতা আয়কর বিবরণী জমা দিয়েছিলেন।