রাজস্ব সুসংহতকরণে জোর দিলেন চিদাম্বরম
একদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও রাজস্ব খাত সুসংহতকরণে জোর দেবেন, অন্যদিকে করের ক্ষেত্রে বিভিন্ন অস্পষ্টতা কাটানো ও দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর জন্য কাজ করবেন।ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর পি চিদাম্বরম গতকাল প্রথম আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে এসে এভাবেই তুলে ধরলেন অর্থনীতিকে চাঙা করার জন্য তাঁর পরিকল্পনার কথা।চিদাম্বরম বলেন, ‘খুব শিগগিরই আমরা রাজস্ব সুসংহতকরণে পরিকল্পনা প্রকাশ করব। আমি স্পষ্ট করে বলতে চাই যে বিভিন্ন শ্রেণীর সুবিধাভোগীদের অবশ্যই রাজস্ব সংশোধনের ভার ন্যায্য ও সমভাবে বহন করতে হবে। গরিবদের সুরক্ষা দেওয়া হবে। বাকিদের যার যার অংশের ভার বহন করতে হবে।’ চিদাম্বরম জানান, রাজস্ব আয় ও ব্যয়—উভয় দিকেই প্রয়োজনীয় সমন্বয় করা হবে।অর্থমন্ত্রী ইতিমধ্যে একটি বিশেষজ্ঞ দল গঠন করেছেন। এই দলে আছেন বিজয় কেলকার, ইন্দ্র রাজারামণ এবং সঞ্জীব মিশ্র। আগামী এক বা দুই সপ্তাহের মধ্যেই তাঁরা তাঁদের প্রতিবেদন দাখিল করবেন।ভারতীয় অর্থমন্ত্রী আরও বলেন, ‘কর আইনে স্বচ্ছতা আনয়ন, স্থিতিশীল করব্যবস্থা, বিরোধ নিষ্পত্তির স্বচ্ছ প্রক্রিয়া ও স্বাধীন বিচারব্যবস্থা বিনিয়োগকারীদের বড় রকমের আস্থার কারণ হবে। আর আমরা যখন প্রয়োজন, তখন সংশোধন করব।’ভারত সরকার মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বিনিয়োগের হার ৩৮ শতাংশে উন্নীত করতে চায়। সঞ্চয় হার বাড়াতেও একই রকম গুরুত্ব দেওয়া হবে।চিদাম্বরম বলেন, ‘আগামী কয়েক সপ্তাহে আমরা একাধিক সিদ্ধান্ত ঘোষণা করব যেন বেশি সংখ্যাক মানুষ মিউচুয়াল ফান্ড, বিমা পলিসি ও অন্যান্য ভালো বিনিয়োগের উপাদানে আকৃষ্ট হয়।’মধ্য মেয়াদে মূল্যস্ফীতিকে সহনীয় করা যাবে বলেও আশাবাদী পি চিদাম্বরম। এ জন্য সরকার রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) সঙ্গে একযোগে কাজ করবে বলেও জানান তিনি। তিনি বলেন, রাজস্ব ও মুদ্রানীতি সুসমন্বয়ের মাধ্যমে অগ্রসর হতে হবে।এ বছর মার্চ মাসে সাবেক অর্থমন্ত্রী ও বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ২০১২-১৩ অর্থবছরের জন্য যে বাজেট দিয়ে যান, তাতে রাজস্ব ঘাটতি প্রাক্কলন করা হয়েছে পাঁচ লাখ ১৪ হাজার কোটি রুপি। এটি চলতি অর্থবছরের জিডিপির পাঁচ দশমিক ১০ শতাংশ। সূত্র: বিজনেস লাইন।