রানা প্লাজা ক্ষতিপূরণ প্রদান প্রক্রিয়া শুরু
রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও শ্রমিক পরিবারকে ক্ষতিপূরণ প্রদান প্রক্রিয়া শুরু হয়েছে। এ জন্য গতকাল সোমবার থেকে দাবিনামা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
জানা গেছে, দাবিনামার জন্য ক্ষতিগ্রস্তদের দাবিনামার নির্ধারিত ফরম পূরণ করতে হয়েছে। এখন ক্ষতিপূরণবিষয়ক সমন্বয় কমিটি তা পরীক্ষা-নিরীক্ষা করে ক্ষতির মাত্রা চূড়ান্ত করবে এবং সে অনুযায়ী অর্থ প্রদান করা হবে। যারা এখনো দাবিনামা পূরণ করেনি, তারা আরও কয়েক দিন এই দাবিনামা জমা দিতে পারবেন।
এদিকে, রানা প্লাজা ট্রাস্ট ফান্ড থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্তকে এককালীন ৫০ হাজার টাকা করে অনুদান হিসেবে প্রদান করা হবে। মোট তিন হাজার ৬০০ জন আহত শ্রমিক ও নিহত শ্রমিক পরিবারের সদস্য এই অর্থ পাবেন।
এই অনুদান আগামী ২৪ এপ্রিল রানা প্লাজা ট্র্যাজেডির বর্ষপূর্তির আগেই দিয়ে দেওয়া হবে।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নেতৃত্বে গঠিত এই তহবিলে ইউরোপের বিভিন্ন ব্র্যান্ড ও রিটেইলার অনুদান প্রদান করেছে।
সবমিলিয়ে চার কোটি ডলারের এই তহবিলে ব্রিটিশ ব্যান্ড প্রাইমার্ক রানা প্লাজায় অবস্থিত ওয়েভ বটমস কারখানার ক্ষতিগ্রস্ত ৫৮১ জন শ্রমিকের ক্ষতিপূরণ অর্থায়ন করবে।
আইএলওর কর্মসূচি কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, প্রক্রিয়া শুরু হয়েছে। ঠিক কবে তা শেষ হবে, এখন বলা যাচ্ছে না।