সাভারের রানা প্লাজা ধসে আহত, নিহত ও নিখোঁজ ব্যক্তিদের সঠিক তালিকা প্রকাশ করে দ্রুত ক্ষতিপূরণ দেওয়াসহ পাঁচ দফা দাবি
জানিয়েছে ১৬ শ্রমিক সংগঠনের জোট গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান মঞ্চের নেতারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন এ মঞ্চের সমন্বয়ক শামীমা আক্তার।
মঞ্চের কেন্দ্রীয় নেতা আবুল হোসাইন বলেন, শ্রমিকদের ক্ষতিপূরণ পাওয়াটা ন্যায্য অধিকার। কিন্তু গত এক বছরেও সেটি দেওয়া হয়নি।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আবুল হোসাইন বলেন, ‘ক্রেতাদের জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স দেশের পোশাক কারখানার পরিদর্শনে এসেছে। আমরা এর বিরোধিতা করছি না। তবে সরকার যদি দেশে বিদ্যমান আইনগুলোর বাস্তবায়ন করত এবং পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ উদ্যোগী হতো তবে এসবের কোনো প্রয়োজন ছিল না।’
মঞ্চের একাধিক নেতা বলেন, পরিদর্শনে কার্যক্রমে ঝুঁকিপূর্ণ চিহ্নিত হয়ে বন্ধ হওয়া কারখানার শ্রমিকেরা তাঁদের ন্যায্য ক্ষতিপূরণ পাচ্ছেন না। চাকরি হারিয়ে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। ফলে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের পরিদর্শন কার্যক্রমে কোনো কারখানা বন্ধ হলে শ্রমিকদের দায়িত্ব তাঁদেরই নিতে হবে। কারণ, বিদেশি ক্রেতাপ্রতিষ্ঠানগুলোই জোট দুটির সদস্য। তাঁরাই তো পোশাকশিল্পের মুনাফার ৭০ ভাগ নিয়ে নিচ্ছেন। এই নেতারা দাবি করেন, কারখানা পরিদর্শনে এখন পর্যন্ত ১১ কারখানা বন্ধ হয়েছে। আর এসব কারখানায় কাজ করতেন প্রায় ২০ হাজার শ্রমিক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য রকিবুল ইসলাম, গোলাম রব্বানী, শহিদুল্লাহ বাদল, লাভলী ইয়াসমীন প্রমুখ।