রানা প্লাজা নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মামলা প্রত্যাহার
রানা প্লাজায় কর্মরত শ্রমিকদের জীবনের নিরাপত্তায় অবহেলার অভিযোগে জেসি পেনি এবং ওয়ালমার্টসহ খুচরা তিন বিক্রেতা ও বাংলাদেশের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা প্রত্যাহার করা হয়েছে। গত ২৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ওই মামলাটি করা হয়েছিল।
রানা প্লাজা ধসের দ্বিতীয় বর্ষপূর্তির আগের দিন শরীফা বেগম ও মাহমুদুল হাসানের পক্ষে আবদুর রহমান ওই মামলাটি করেন। বাংলাদেশের শ্রম ইতিহাসের অন্যতম বিয়োগান্ত ঘটনায় শরীফা বেগম চার সন্তানকে হারান। আর মাহমুদুল হাসান আহত হন।
ওয়াশিংটনের একটি কূটনৈতিক সূত্র গত বুধবার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে।
সূত্রটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন ১৫ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়কে মামলা প্রত্যাহারের বিষয়টি জানিয়েছেন। মামলা প্রত্যাহারের খবরে সরকার হাঁফ ছেড়ে বেঁচেছে। যদিও মামলাটি আইনিভাবে মোকাবিলার জন্য সরকার ইতিমধ্যেই একটি আইনি পরামর্শ সংস্থাকেও নির্বাচিত করেছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মার্কিন আদালতে দায়ের করা মামলায় পরামর্শক হিসেবে ফলি হগকে নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল। আন্তর্জাতিক সালিসি আদালতে ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা নিষ্পত্তির পরামর্শক হিসেবে কাজ করেছিল ফলি হগ।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৬ জন প্রাণ হারান আর আহত হন আড়াই হাজারের বেশি শ্রমিক।
গত ২৩ এপ্রিল ‘অবহেলা’ ও ‘অন্যায়ভাবে মৃত্যু’র অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় বাংলাদেশ ও জেসি পেনি, চিলড্রেনস প্লেইস ও ওয়ালমার্টের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
মামলার আরজিতে বলা হয়, রানা প্লাজা নির্মাণের ক্ষেত্রে ভবন তৈরির ন্যূনতম মানদণ্ড মানা হয়নি। যথাযথভাবে ভবনের নিরাপত্তা পরিদর্শন, নির্মাণের ক্ষেত্রে স্থানীয় মানদণ্ড নিশ্চিত করা এবং কারখানার শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রে নাগরিকদের প্রতি দায়িত্ব পালনে বাংলাদেশ ব্যর্থ হয়েছে। একইভাবে খুচরা বিক্রেতারা রানা প্লাজায় তাদের পোশাক উৎপাদনের সঙ্গে যুক্ত শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিবাদীদের অন্যায় আচরণের ফলে রানা প্লাজায় কয়েক হাজার শ্রমিক হতাহত হয়েছেন।