রানা প্লাজা নিয়ে ওয়েবসাইট চালু
চার বছর আগে ঘটে যাওয়া রানা প্লাজা ধস নিয়ে একটি ওয়েবসাইট চালু করেছে শ্রমিক সংগঠন গার্মেন্ট শ্রমিক সংহতি। এ ওয়েবসাইটে নিহত, নিখোঁজ ও আহত শ্রমিকদের জীবনের গল্প, নিহত তালিকা এবং আন্দোলনকর্মী, লেখক, অর্থনীতিবিদদের লেখা, ছবি, গান, নাটক ও কার্টুন থাকবে। গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটরিয়ামে এক অনুষ্ঠানে এ ওয়েবসাইটের উদ্বোধন করেন রানা প্লাজার নিহত শ্রমিক সাগরিকার বোন বকুল খাতুন।
২০১৫ সালে গার্মেন্ট শ্রমিক সংহতির উদ্যোগে প্রকাশিত গ্রন্থ ২৪ এপ্রিল: হাজার প্রাণের চিৎকার গ্রন্থের ইংরেজি অনুবাদ নিয়েই ওয়েবসাইটটি করা হয়েছে। গার্মেন্ট শ্রমিক সংহতি জানায়, তারা দীর্ঘ সময় ধরে অত্যন্ত নিবিড় যোগাযোগের মাধ্যমে শ্রমিকদের জীবনের গল্প সংগ্রহ করে এবং বিভাগ ও জেলা অনুযায়ী নিহত নিখোঁজ শ্রমিকদের তালিকা তৈরি করেছে। এসব লেখা, তথ্য-উপাত্ত এবং ছবি নিয়েই www.athousandcries.org নামের এই ওয়েবসাইট।
রানা প্লাজায় নিহত রিয়াজুল খোকনের মা রাবেয়া খাতুন, নিহত শান্তার বোন সেলিনা, পঙ্গু রোজিনা আক্তার, সাদ্দাম হোসেন, ইয়ানুর, আসমা আক্তার, নিহত ফজলে রাব্বীর মা রাহেলা বেগম, নিহত বিউটি বেগমের স্বামী আলম মাতব্বর ও রানা প্লাজার আরও অনেকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।