রানা প্লাজা নিয়ে বৈশ্বিক তহবিল
সাভারের রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় একটি তহবিল গঠন করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ক্রেতাদের জোট অ্যাকর্ড। ‘রানা প্লাজা ডোনারস ট্রাস্ট ফান্ড’ নামের এই আন্তর্জাতিক তহবিলে যে কেউ অর্থ দিতে পারবে।
অ্যাকর্ডের নিজস্ব ওয়েবসাইটে গত শুক্রবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে পরিষ্কার করে বলা হয়েছে, রানা প্লাজা ধসের জন্য আইনগতভাবে যে ব্যক্তি-প্রতিষ্ঠান দায়ী নন, তাঁরা এই তহবিলে স্বেচ্ছায় অর্থ দিতে পারবেন। প্রয়োজনে তাঁদের নাম-ঠিকানা প্রকাশ করা হবে না। এই অর্থ রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় ব্যয় করা হবে।
একই সঙ্গে অ্যাকর্ড কর্তৃপক্ষ রানা প্লাজা থেকে কাপড় সংগ্রহ করত না এমন প্রতিষ্ঠানসহ সব সদস্যের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা তহবিলে অর্থ দেয়।
গত বছরের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসের পর বিদেশি ক্রেতাপ্রতিষ্ঠানগুলোর ওপর বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে নিরাপত্তার জন্য কাজ করতে আইএলও, আন্তর্জাতিক শ্রমিক সংঘ ও সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী চাপ তৈরি করে।
এরই ধারাবাহিকতায় ১৩ মে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের ব্র্যান্ডের প্রতিনিধিরা একটি চুক্তি করে অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ গঠন করেন। এখন পর্যন্ত ১৫০-এর বেশি ব্র্যান্ড এই চুক্তিতে স্বাক্ষর করেছে। অ্যাকর্ড দেশের এক হাজার ৬৩৯টি পোশাক কারখানা পরিদর্শনের পাশাপাশি রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় কাজ করছে।
এদিকে বাংলাদেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের দক্ষতা উন্নয়ন এবং কারখানার কর্মপরিবেশ উন্নত করার জন্য এইচঅ্যান্ডএম বিনিয়োগ করবে বলে জানিয়েছে। এর ফলে ২০১৬ সাল পর্যন্ত পাঁচ হাজার শ্রমিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সুযোগ পাবেন।