রানা প্লাজার দুই পোশাক কারখানার মালিকের জামিন
সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা দুটি মামলায় আসামি দুই পোশাক কারখানার মালিকের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক জামিন আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, জামিন পাওয়া ব্যক্তিরা হলেন—ধসে পড়া ভবনে থাকা নিউ ওয়েভ বটমস লিমিডেটের চেয়ারম্যান বজলুস সামাদ ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান।
আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও শ ম রেজাউল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।
আদেশের বিষয়টি জানিয়ে খোন্দকার দিলীরুজ্জামান প্রথম আলোকে বলেন, এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করা হবে।
রেজাউল করিম প্রথম আলোকে বলেন, মামলার এক নম্বর আসামি আবদুল খালেক ওই দুই মামলায় আগেই জামিন পান। মামলা দুটিতে আনা অভিযোগের ধারাও জামিনযোগ্য। জামিন আবেদনকারীরা কারাগারে আছেন। দুই মামলায় জামিন হওয়ায় তাঁদের মুক্তিতে আইনগত কোনো বাধা নেই।
গত বছরের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে পড়ে। এতে এক হাজারের বেশি মানুষ নিহত হন। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ওই দিনই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বাদী হয়ে সাভার মডেল থানায় ভবন মালিক সোহেল রানার বিরুদ্ধে একটি মামলা করে। অবহেলাজনিত মৃত্যু ঘটানোর অভিযোগে ছয়জনকে আসামি করে ২৫ এপ্রিল সাভার মডেল থানার আরেকটি মামলাটি করে পুলিশ।