রামগঞ্জ ও ফরিদগঞ্জে এনসিসি ব্যাংকের দুটি শাখা চালু
প্রথম দিন থেকেই অনলাইন ব্যাংকের সুবিধা নিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় এনসিসি ব্যাংক লিমিটেডের ৭৫তম শাখা এবং চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ৭৬তম শাখার কার্যক্রম শুরু হয়েছে।ব্যাংকের ভাইস চেয়ারম্যান সাংসদ মো. হারুনুর রশীদ প্রধান অতিথি হিসেবে গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শাখা দুটির কার্যক্রম উদ্বোধন করেছেন। এ উপলক্ষে উভয় স্থানে দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠান দুটিতে ধন্যবাদ জ্ঞাপন করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট টি এম ফারুক চৌধুরী। রামগঞ্জের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সাংসদ নাজিমউদ্দিন আহমেদ, উপজেলার চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হানিফ পাটোয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।মো. হারুনুর রশিদ বলেন, বৃহৎ শিল্পের পাশাপাশি এনসিসি ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং কৃষি খাতকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। তিনি এনসিসি ব্যাংকের সহজলভ্য বিভিন্ন সুবিধা ও সেবা গ্রহণের জন্য এলাকার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।