রামগঞ্জে ঝুঁকি হ্রাস ঋণের ৩০ লাখ টাকা খেলাপি
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় গত চারদলীয় জোট সরকারের আমলে দেওয়া ঝুঁকি হ্রাস ঋণের টাকা আদায় অনিশ্চিত হয়ে পড়েছে। প্রকল্পের মেয়াদ ২০০৬ সালের ডিসেম্বরে শেষ হয়ে গেলেও এখনো ৩০ লাখ টাকা আদায় হয়নি। জানা গেছে, ২০০৫ সালে বিএনপি জোট সরকার এই ঋণ প্রকল্প চালু করে। এতে দুস্থ ক্ষতিগ্রস্ত মানুষের অগ্রাধিকার থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই জিয়ার সেভেন স্টার বাহিনীর কথামতো দলীয় নেতা, কর্মী, সমর্থক ও তাঁদের স্ত্রীরাই ঋণ পেয়েছেন বলে অভিযোগ আছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অফিস সূত্রে জানা গেছে, ঝুঁকি হ্রাস প্রকল্পে রামগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৫৮৬ জনকে ৩৫ লাখ টাকা ঋণ দেওয়া হয়। আট শতাংশ সুদে প্রত্যেককে পাঁচ হাজার টাকা থেকে সর্বোচ্চ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও ঋণের টাকা আদায় হয় মাত্র পাঁচ লাখ ১৭ হাজার। নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারি কর্মকর্তা জানান, জোট সরকারের প্রভাবশালী স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ছিলেন জিয়াউল হক জিয়া। তাঁর নির্বাচনী এলাকা ছিল রামগঞ্জ। ঋণগ্রহীতারা মনে করেন, তাঁদের এ টাকা দিয়েছেন ওই প্রতিমন্ত্রী। বিএনপি আবার ক্ষমতায় এলে ঋণটি মওকুফ করে দেবে। আমির হোসেন ভোলাকোট ইউনিয়ন যুবদলের কার্যকরী কমিটির সদস্য। তিনিও ঝুঁকি হ্রাস প্রকল্পে ঋণ তোলেন; কিন্তু এ পর্যন্ত কোনো কিস্তির টাকা পরিশোধ করেননি। তিনি প্রথম আলোকে বলেন, ‘ভেবেছিলাম ঋণের এ টাকা দেওয়া লাগবে না। তবে কয়েক মাসের মধ্যে ঋণটি পরিশোধ করে ফেলব।’প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমানত উল্যা বলেন, ‘দুই দফা নোটিশ জারির পরও ঋণ আদায় করা যায়নি। ঋণগুলো খেলাপি হয়ে গেছে।’