পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রামনাবাদ নদীর মোহনায় দেশের তৃতীয় সমুদ্রবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল গতকাল শনিবার কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া এলাকা পরিদর্শন করে। নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা এবং জার্মানির একজন বন্দর বিশেষজ্ঞ প্রতিনিধিদলে ছিলেন। সমুদ্রবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাই শেষে শনিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে প্রতিনিধিদলের সদস্যরা স্থানীয় পর্যায়ে কর্মরত জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকদের কাছে তাঁদের বক্তব্য তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন জার্মানির পোর্ট লজিস্টিক ইনফরমেশন টেকনোলজির পরিচালক নেইলস পি জর্জেনসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (পরিবহন) কে এম মোয়াজ্জেম হোসেন, কনটেইনার টার্মিনাল ম্যানেজমেন্টের প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী মো. সলিমুল্লাহ খান প্রমুখ। নেইলস পি জর্জেনসেন বলেন, ‘লালুয়ার রামনাবাদ চ্যানেলের চাড়িপাড়া পরিদর্শন করে মনে হয়েছে, প্রাকৃতিক সুযোগ-সুবিধা ও নাব্যতা থাকায় এখনই বন্দর গড়ে তোলা সম্ভব। ভৌগোলিক অবস্থানগত দিক থেকে মনে হচ্ছে, সমুদ্রবন্দর করার জন্য এখানে উপযুক্ত পরিবেশ রয়েছে।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সরকারকে আগে ওই এলাকার ভূমির ভূ-তাত্ত্বিক গঠন কাঠামো বন্দর স্থাপনের জন্য কতটুকু সহায়ক, তা যাচাই করতে হবে। পাশাপাশি অবাধ ও নিরাপদ জাহাজ চলাচলের জন্য যথাযথ ড্রেজিং, সড়কপথের উন্নয়ন, গ্যাস, স্বাস্থ্যসেবা এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা দরকার। বন্দর থেকে পণ্য নিয়ে সহজেই যাতে ৩০০ থেকে ৪০০ ট্রাক প্রতিদিন চলাচল করতে পারে, সে রকম উপযোগী সড়ক তৈরি করতে হবে বলেও জানান নেইলস।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (পরিবহন) কে এম মোয়াজ্জেম হোসেন বলেন, ‘এখানে বন্দর গড়ে উঠলে স্থানীয় জনগণ উপকৃত হবে। এই এলাকার জনগণের ব্যাপক কর্মসংস্থান হবে। ২০০৫-০৬ অর্থবছরের জরিপ অনুযায়ী এখানে ছয় থেকে সাত মিটার গভীরতার জাহাজ প্রবেশ করানো যাবে।’ তিনি আরও জানান, ‘এখানে বন্দর স্থাপিত হলে কলাপাড়া শহরের পাশ দিয়ে প্রবাহিত আন্ধারমানিক ও এর শাখা নদীরও ড্রেজিং করা হবে।’চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কনটেইনার টার্মিনাল ম্যানেজমেন্টের প্রকল্প ব্যবস্থাপক মো. সলিমুল্লাহ খান বলেন, ‘আমরা রামনাবাদ চ্যানেলে বন্দর গড়ে তোলার লক্ষ্যে পূর্ণাঙ্গ প্রাক-সম্ভাব্যতা যাচাই করছি। এ বিষয়ে বিশদ প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পেশ করা হবে।’প্রসঙ্গত, গত ২১ মে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, জাতীয় সংসদের হুইপ ও নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান নুর-ই-আলম চৌধুরী এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান তালুকদার কলাপাড়ার লালুয়া ইউনিয়নের রামনাবাদ মোহনার চাড়িপাড়া পরিদর্শন শেষে সেখানে এক জনসভায় দেশের তৃতীয় সমুদ্রবন্দর স্থাপনের কথা ঘোষণা করেন।