রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ব্লকের ভূমি উন্নয়ন করে প্রস্তুত রাখা হবে। এ জন্য ৪৬২ কোটি ৫৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু এ প্রকল্পে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কোনো বিনিয়োগ প্রস্তাব এখনো আসেনি। প্রথম ব্লকে ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে বাংলাদেশ ও ভারত যৌথভাবে বিনিয়োগ করছে।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকার দ্বিতীয় ব্লকের ভূমি উন্নয়ন, সংরক্ষণ ও সীমানা দেয়াল নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগেও প্রকল্পটি অনুমোদনের জন্য একনেকে উঠেছিল। কিন্তু খরচের হিসাব বেশি হওয়ায় তা অনুমোদন দেওয়া হয়নি।
জানা গেছে, রামপাল বিদ্যুৎকেন্দ্র দ্বিতীয় ব্লকের ভরাটের জন্য প্রকল্প এলাকা থেকে ৩৫ থেকে ৫০ কিলোমিটার দূরে ঘসিয়াখালী খাল খনন করে ১ কোটি ২৭ লাখ ১৩ হাজার ঘনমিটার মাটি আনা হবে। প্রতি ঘনমিটার ভরাটে খরচ পড়বে ৩১৩ টাকা। তবে প্রকল্প এলাকার পার্শ্ববর্তী পশুর নদ খনন করে মাটি আনতে ঘনমিটারপ্রতি ১৬০ টাকার মতো খরচ হলেও পাড় ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই পশুর নদ থেকে মাটি না আনার পক্ষে মত দেওয়া হয় একনেক সভায়।
সভার দায়িত্বশীল সূত্রে জানা গেছে, এ প্রকল্পটি উঠলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চান, দ্বিতীয় ব্লকে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কোনো প্রস্তাব আছে কি না? এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ বলেন, কোনো প্রস্তাব আসেনি। তবে বাংলাদেশ ও ভারত যৌথ বিনিয়োগে প্রথম ব্লকের বিদ্যুৎকেন্দ্রের কর্মনৈপুণ্য ভালো হলে তাদের (ভারত) দেব। তাহলে এখনই কেন ব্লক তৈরি করা রাখা হচ্ছে—প্রধানমন্ত্রীর এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, জমি দখল হয়ে যেতে পারে, তাই ভূমি উন্নয়ন করে রাখা উচিত। এ ছাড়া পরে খরচ আরও বেড়ে যেতে পারে।
এ প্রকল্পটিসহ গতকালের একনেক সভায় ৬ হাজার ৫৫৩ কোটি টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে স্থানীয় মুদ্রায় ৩ হাজার ৯৪৭ কোটি ৬৪ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৭ কোটি ৮৫ লাখ টাকা জোগান দেওয়া হবে। প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ২ হাজার ৫৮৭ কোটি ৫২ লাখ টাকা।
অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো ৪৮২ কোটি টাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা; ৫৪ কোটি ৫৫ লাখ টাকার বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক (বালুখালী-ঘুনধুম) বর্ডার রোড নির্মাণ; ২ হাজার ২৩৬ কোটি টাকার বেগুনবাড়ি খালসহ হাতিরঝিল এলাকার সমন্বিত উন্নয়ন এবং ৩ হাজার ৩১৭ কোটি টাকার দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্প।