রাশিয়ায় এক লাখ টন আলু রপ্তানি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ায় এ বছর এক লাখ টন আলু রপ্তানি করা হবে। এ বিষয়ে আলোচনা করতে সে দেশের একটি প্রতিনিধিদল শিগগিরই বাংলাদেশ সফরে আসবে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা বলেছেন। তিনি বলেন, ব্যাকটেরিয়া পাওয়ায় এ দেশের আলু আমদানিতে রাশিয়ার আপত্তি ছিল। বাংলাদেশের কৃষি বিভাগ আলু ব্যাকটেরিয়ামুক্ত করতে সক্ষম হয়েছে। রাশিয়াকে তা জানানোও হয়েছে।
বাণিজ্যমন্ত্রী গতকাল বৃহস্পতিবার তাঁর সচিবালয়ের দপ্তরে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলেভের সঙ্গে বৈঠক করেন। এরপরই সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
প্রসঙ্গত, ২০১৩-১৪ অর্থবছরে রাশিয়ায় ২৮ কোটি ৩৩ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। একই সময়ে রাশিয়া থেকে ২৮ কোটি ৬৪ লাখ ডলারের পণ্য আমদানি করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় বলছে, রাশিয়ায় বাংলাদেশের বাণিজ্য বহু গুণ বাড়ানো সম্ভব। বিশেষ করে রাশিয়ায় তৈরি পোশাক ও আলু রপ্তানি করতে পারলে দেশটি বাংলাদেশের জন্য বড় রপ্তানি বাজারে পরিণত হবে।
তোফায়েল আহমেদ বলেন, রাশিয়া বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী। বাংলাদেশ রাশিয়ায় তৈরি পোশাক রপ্তানির চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাশিয়াও এ দেশ থেকে পোশাক নিতে আগ্রহী। এ ক্ষেত্রে শুল্ককর-সংক্রান্ত কিছু জটিলতা আছে। এই জটিলতা দূর করার চেষ্টা চলছে। জটিলতা দূর হলে রাশিয়ার বাজারে পোশাক রপ্তানি সহজ হবে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, এ দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতেও আগ্রহী রাশিয়া। দেশের গ্যাস-তেল অনুসন্ধান ও উত্তোলনে রাশিয়া কাজ করে যাচ্ছে। ভোলা জেলায় চারটি কূপ থেকে গ্যাস উত্তোলনের প্রক্রিয়া চলছে। গ্যাস উত্তোলন শুরু হলে ভোলা শিল্পনগরে পরিণত হবে।
বাণিজ্যমন্ত্রী কথা বলার সময় উপস্থিত ছিলেন তিন অতিরিক্ত বাণিজ্যসচিব এ টি এম মুর্তজা রেজা চৌধুরী, শওকত আলী ওয়ারেছী ও মনোজ কুমার রায়।