রাশিয়ায় ২৯০ কোটি ডলারের বেসরকারীকরণ উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়া তাদের রাষ্ট্রায়ত্ত বেশ কিছু প্রতিষ্ঠান বেসরকারীকরণের উদ্যোগ নিয়েছে। দেশটি বাজেট ঘাটতি পূরণের জন্য আগামী কয়েক মাসে প্রায় ২৯০ কোটি মার্কিন ডলার মূল্যের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বেসরকারীকরণের জন্য দরপত্র আহ্বান করবে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এটাই সবচেয়ে বড় বেসরকারীকরণের উদ্যোগ।রাশিয়ার অর্থমন্ত্রী আলেক্সি কুদরিন সম্প্রতি বলেছেন, রাষ্ট্রায়ত্ত এসব প্রতিষ্ঠান বেসরকারীকরণের মধ্য দিয়ে সরকার আগামী বছর প্রায় এক হাজার কোটি মার্কিন ডলার আয় করতে চায়, তবে তিনি নিলামে বিক্রি করা এসব প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেননি।এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়া সরকার দেশটির সবচেয়ে বড় তেল উত্পাদনকারী প্রতিষ্ঠান রোসনেফট, আর্থিক প্রতিষ্ঠান ভিটিবি ও পাইপলাইনে তেল উত্পাদনকারী প্রতিষ্ঠান ট্রান্সনেফট বেসরকারীকরণের উদ্যোগ নিয়েছে। সরকারি মালিকানাধীন থাকার কারণে এগুলো বেশ অনেক দিন ধরেই শ্বেতহস্তীতে পরিণত হয়েছে।বিনিয়োগকারীরা স্বচ্ছতার সঙ্গে এসব প্রতিষ্ঠান কিনতে পারবেন কি না, তা নিয়ে ক্রমবর্ধমান সংশয়ের মুখে কুরদিন বলেছেন, পুরো ব্যাপারেই সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। সে কারণে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো বেসরকারীকরণ করা হবে। তিনি আরও বলেন, এসব প্রতিষ্ঠানের মূল্য বাজারমূল্য অনুযায়ী নির্ধারিত হবে।উল্লেখ্য, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস ইয়েলেসিনের সময় কৃত্রিমভাবে মূল্য নির্ধারণ করে সরকারি প্রতিষ্ঠানগুলো বেসরকারীকরণের অনেক দৃষ্টান্ত রয়েছে। সে সময় রাশিয়ার ব্যবসায়ীরা বাজারমূল্যের চেয়ে অনেক কমে, রীতিমতো নামমাত্র মূল্যে অনেক বড় বড় শিল্পপ্রতিষ্ঠান হাতিয়ে নিয়েছিলেন।বিনিয়োগকারীরা রাশিয়া সরকারের নতুন এ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। তবে তাঁরা চান, সরকার যেন প্রতিষ্ঠানগুলোর ওপর নিয়ন্ত্রণ রাখে। তবে বিদেশিদের এ কাজে অংশ নিতে দেওয়া হবে কি না, সে বিষয়টি এখনো পরিষ্কার নয়।