রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখনই দেশে বড় সংকট দেখছেন না অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: এএফপি

রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব পড়েছে ঠিক, কিন্তু সে কারণে দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ঝুঁকিতে পড়বে না বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

গতকাল সোমবার জাতীয় সংসদে ঢাকা-১০ আসনের সাংসদ সফিউল ইসলামের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী ওই মন্তব্য করেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, রাশিয়া-ইউক্রেন সামরিক সংকটে বাংলাদেশের অর্থনীতিতে স্বল্প ও মধ্যমেয়াদে অভিঘাত পড়তে যাচ্ছে। দীর্ঘ মেয়াদে এর ফলাফল কী হবে, তা নির্ভর করবে এ যুদ্ধ ও তার ফলে উদ্ভূত সংকট কতটা প্রলম্বিত হয়, তার ওপর। তবে আপাতদৃষ্টে মনে হচ্ছে, এ সংকট বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেললেও দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে বড় ধরনের ঝুঁকিতে ফেলবে না।

অর্থমন্ত্রী বলেন, ইউক্রেনে শুরু হওয়া রাশিয়ার সামরিক অভিযান এবং এর পাশাপাশি রাশিয়া ও তার মিত্র দেশ বেলারুশের ওপর পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে বৈশ্বিক অর্থনীতির ওপর বিরূপ প্রভাব পড়েছে। এই সংকটে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে।

অর্থমন্ত্রী বলেন, চলমান সামরিক সংকট ও নিষেধাজ্ঞার প্রভাবে প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত তেল, সার, গম, নিকেল, অ্যালুমিনিয়াম ও ইলেকট্রিক পণ্যের গুরুত্বপূর্ণ কাঁচামাল এবং এর সঙ্গে সংশ্লিষ্ট পণে৵র মূল্য বাড়তে পারে। এই মূল্যবৃদ্ধি বৈশ্বিক মূল্যস্ফীতিকে নিশ্চিতভাবে প্রভাবিত করবে। তেল-গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে খাদ্যপণ্য, ভোগ্যপণ্য, শিল্পের কাঁচামাল ও আন্তর্জাতিক পরিবহন খরচ বৃদ্ধি পেয়ে দেশে মূল্যস্ফীতির প্রভাব অনুভূত হতে পারে। এ সংকটের কারণে রাশিয়ায় বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির অর্থ পরিশোধ নিয়েও জটিলতা দেখা দিতে পারে বলে মন্ত্রী জানান।

সরকারি দলের সাংসদ মোহাম্মদ হাবিব হাসানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের প্রথম আট মাসে বিশ্বের বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশের সঙ্গে ঋণ সহায়তার প্রতিশ্রুতি হিসেবে ২ হাজার ১৬২ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি সই হয়েছে। এ সময়ে বর্তমান ও আগের চুক্তি থেকে ২ হাজার ৮৫৪ মিলিয়ন মার্কিন ডলার ছাড় হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, করোনার প্রাদুর্ভাবের মধ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্ব, দূরদর্শিতা ও নিরলস কর্মতৎপরতায় বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তেমন বিপর্যয়ের মধ্যে পড়েনি; বরং মহামারির অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় বিশ্বে এক অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ।