রাশিয়া বিশ্বকাপ ঘিরে রপ্তানির হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৮ সালের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে রাশিয়ার ১১টি শহরে। প্রিয় দলের জার্সি পরে স্টেডিয়ামসহ বিভিন্ন শহরে ঘুরে বেড়ান বিভিন্ন দেশের দর্শকেরা। আর এটাকেই বাংলাদেশের উদ্যোক্তারা মনে করছেন, রাশিয়ায় তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা। বিশ্বের এ বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতার সময় বাংলাদেশের নিট পোশাকের বেশ চাহিদা থাকে।

গতকাল শনিবার কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিআইএস-বিসিসিআই) আয়োজিত এক সেমিনারের মূল প্রবন্ধে এ কথা বলা হয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাইরে কীভাবে রাশিয়া এবং অন্য ১১টি সিআইএসভুক্ত দেশে রপ্তানি বাড়ানো যায় তা নিয়ে স্থানীয় একটি হোটেলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই সম্ভাবনার সঙ্গে একমত পোষণ করে বলেন, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে তৈরি পোশাকের বিশাল বাজার তৈরি হয়। এখন যদি সেই বাজার থেকে ছিটেফোঁটাও পাওয়া যায়, তা-ই অনেক পাওয়া হবে।

>প্রিয় দলের জার্সি পরে স্টেডিয়ামসহ নানা শহরে ঘুরে বেড়ান বিভিন্ন দেশের দর্শকেরা। এটাকেই দেশের উদ্যোক্তারা রাশিয়ায় পোশাক রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা মনে করেন

মূল প্রবন্ধে সিআইএস-বিসিসিআই সভাপতি এইচ কে কবির বলেন, ২০১৬ সালে রাশিয়াসহ সিআইএসভুক্ত দেশের ফ্যাশন বাজারের আকার দাঁড়াবে ১৪ হাজার ১০০ কোটি ডলারের। বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রেক্ষাপটে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভারত ও ভিয়েতনাম বিকল্প বাজার হিসেবে এসব দেশে তৈরি পোশাক রপ্তানির লক্ষ্য নির্ধারণ করেছে। কিন্তু বাংলাদেশের কোনো লক্ষ্য নেই। সিআইএস-বিসিসিআই মনে করে, ২০২০ সালের মধ্যে এসব দেশে বাংলাদেশের রপ্তানি লক্ষ্য হওয়া উচিত এক হাজার কোটি ডলারের।
এইচ কে কবির বলেন, বাংলাদেশ থেকে চার ডলারে একটি পোলো শার্ট আমদানি করে জার্মানি সেই শার্ট ১২ ডলারে রাশিয়ায় পুনঃ রপ্তানি করে। এ ক্ষেত্রে বাংলাদেশই সরাসরি রপ্তানি করতে পারে। তিনি বলেন, ব্যাংকিং ও এলসি জটিলতার কারণে সরাসরি রাশিয়ায় রপ্তানি করতে নানা সমস্যায় পড়তে হয়।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, সব সময় যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারকে লক্ষ্য করেই সব হয়েছে। রাশিয়া ও অন্য সিআইএসভুক্ত দেশগুলো বিকল্প বাজার হতে পারে। তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই রপ্তানি নগদ সহায়তা পর্যালোচনা করা হবে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, রাশিয়ায় বাণিজ্য বাড়াতে সরকারের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। নতুন পণ্য রপ্তানি তালিকায় অন্তর্ভুক্ত করতে নগদ সহায়তার বিকল্প নেই। তিনি আরও বলেন, ‘বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর লন্ডনে রোড শো করছেন। কিন্তু দেশি বিনিয়োগকারীরা যদি গ্যাস-বিদ্যুৎ না পান, তবে বিদেশিরা আসবেন কেন?’
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, ‘১৯৮৫ সালে নতুন করে ব্যবসা করার জন্য রাশিয়ায় গিয়েছিলাম। এত বছর পরও কোনো অগ্রগতি নেই। রাশিয়া ও তুরস্কের সঙ্গে ব্যবসা বাড়াতে মুক্ত বাণিজ্য অঞ্চল (এফটিএ) চুক্তি ছাড়া কোনো বিকল্প নেই।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থসচিব মাহবুব আহমেদ, পররাষ্ট্রসচিব শহীদুল হক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সদস্য এম ফরিদউদ্দিন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান সুভাশীষ বসু, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহসান উল্লাহ, এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী, এফবিসিআইয়ের উপদেষ্টা মনজুর আহমেদ, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ প্রমুখ।