রাশিয়ার কাছে জিএসপি চেয়েছেন বাণিজ্যমন্ত্রী
রাশিয়ার কাছে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) চেয়েছে বাংলাদেশ। রাশিয়া জিএসপি দিলে উভয় দেশই লাভবান হবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গত শুক্রবার রাশিয়ার পিটার্সবার্গে রাশিয়ান ফেডারেশনের শিল্প ও বাণিজ্যমন্ত্রী ডেনিস ভেলেনটিনোভিস মানটুরোভের সঙ্গে অনুষ্ঠিত একান্ত বৈঠকে তোফায়েল আহমেদ জিএসপি চেয়ে অনুরোধ জানান।
বাণিজ্য মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
বাণিজ্যমন্ত্রী গত ৩০ মে রাশিয়া সফরে যান মূলত তিন দিনব্যাপী (১-৩ জুন) সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে (এসপিআইইএফ) যোগ দিতে। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরী বাণিজ্যমন্ত্রীর সফরসঙ্গী রয়েছেন। এসপিআইইএফের প্রধান পৃষ্ঠপোষক রাশিয়া ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বাণিজ্যমন্ত্রী গত বৃহস্পতিবার এসপিআইইএফের একটি অধিবেশনসহ গতকাল শনিবার পর্যন্ত বিভিন্ন অধিবেশনে অংশ নেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, তোফায়েল আহমেদ রাশিয়ার শিল্প ও বাণিজ্যমন্ত্রীকে জানান যে রাশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, চিংড়ি, চামড়া ও পাটপণ্যের বিপুল চাহিদা রয়েছে এবং বাংলাদেশ এগুলো কম দামে রাশিয়ার বাজারে রপ্তানি করতে সক্ষম।
রাশিয়া, বেলারুশ ও কাজাখস্তানের সমন্বয়ে গঠিত কাস্টম ইউনিয়নের কাছে এরই মধ্যে জিএসপি চেয়ে ৭১টি পণ্যের তালিকা বাংলাদেশ পাঠিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বলা হয়, তোফায়েল আহমেদ বলেছেন দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির ভালো সুযোগ রয়েছে। তবে দ্বৈত করসহ বাণিজ্য বাধাগুলো দূর করা দরকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তোফায়েল জানান, আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান ও রাশিয়ান ফেডারেশনের সমন্বয়ে গঠিত ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে এবং বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পেতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
রাশিয়ার শিল্প ও বাণিজ্যমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তোফায়েল আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্যমন্ত্রীর উপস্থিতিতে গত বৃহস্পতিবার বাংলাদেশের জ্বালানি খাতে সহযোগিতার ব্যাপারে একটি এমওইউ সই হয়, যাতে বাংলাদেশের পক্ষে সই করেন জ্বালানিসচিব নাজিমউদ্দিন চৌধুরী এবং রাশিয়ান ফেডারেশনের পক্ষে সই করেন দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের ফার্স্ট ডেপুটি মিনিস্টার অ্যালেক্সি টেক্সলার। রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইফুল হক ও কমার্শিয়াল কাউন্সিলর আশফাকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।