রাশিয়ার বাজার ধরতে চায় বিকেএমইএ
রাশিয়া গত বছর বিভিন্ন দেশ থেকে পৌনে ৭০০ কোটি ডলারের পোশাক আমদানি করেছে। এর মধ্যে ৫০ শতাংশই এসেছে চীন থেকে। তবে সম্প্রতি চীন পোশাকশিল্পের রপ্তানির ওপর জোর দেওয়ার নীতি থেকে কিছুট সরে এসেছে। অন্যদিকে ইউরোপের ঋণসংকট ও অর্থনৈতিক বিপর্যয়ের কারণে বাংলাদেশের পোশাক খাতে নেতিবাচক প্রভাব পড়েছে। এ অবস্থায় রাশিয়ার সম্ভাবনাময় বাজার ধরতে চায় বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।রাশিয়ার রাজধানী মস্কোতে ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় ৩৯তম ফেডারেল ট্রেড ফেয়ার ফর টেক্সটাইলে বিকেএমইএর ১৩০ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নিচ্ছে। মেলায় বাংলাদেশের ৩০টি স্টল থাকবে। প্রতিনিধিদলটি আজ রোববার ঢাকা ছাড়বে। রাজধানীর পান্থপথে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল শনিবার এসব তথ্য জানান বিকেএমইএর নেতারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি সেলিম ওসমান, সহসভাপতি মোহাম্মদ হাতেম, এ এইচ আসলাম সানি, মহিউদ্দিন ফারুকী, পরিচালক মাহতাব উদ্দিন চৌধুরী, জামাল উদ্দিন প্রমুখ।লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ হাতেম। তিনি বলেন, ‘রাশিয়া বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিএ) সদস্যপদ পেয়েছে। এর ফলে রাশিয়ার আমদানিশুল্কের হার কমাতে হবে।’ বিষয়টি ব্যাখ্যা করে হাতেম বলেন, ২০১৩ সালে রাশিয়ার আমদানিশুল্ক হার সাড়ে ৯ শতাংশ থেমে কমে ৭ দশমিক ৪০ শতাংশ করতে হবে। পরের দুই বছর তা আরও হ্রাস পেয়ে যথাক্রমে ৬ দশমিক ৯০ এবং ৬ শতাংশ হবে। এই ক্রমহ্রাসমান আমদানিশুল্কই রাশিয়ায় বাংলাদেশের নিট পোশাক রপ্তানির সম্ভাবনাকে বৃদ্ধি করেছে।বিকেএমইএর এই সহসভাপতি বলেন, ‘গত বছর বাংলাদেশ থেকে রাশিয়ায় ১৮ কোটি ৩২ লাখ ডলারের নিট পোশাক রপ্তানি হয়। কিন্তু তাদের মোট আমদানি ছিল ৬৭৪ কোটি ডলার। এবার তা ৭০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। আর চীন এ ব্যবসা থেকে সরে আসছে।’ হাতেম বলেন, ‘আগামী পাঁচ বছরে রাশিয়ার নিট আমদানির চাহিদার ২০ শতাংশ বাংলাদেশ থেকে সরবরাহ করা সম্ভব। এ জন্য সরকারি পর্যায়ে কিছুটা সহযোগিতা ও চেষ্টা করতে হবে। জাপানের মতো রাশিয়াতেও যেন আমরা জিএসপি সুবিধা পাই, সে বিষয়ে কাজ করতে হবে।’ সম্প্রতি বিদ্যুতের দাম বাড়ানোর সমালোচনা করেন সেলিম ওসমান। তিনি বলেন, ‘বিদ্যুতের দাম বাড়ানোর কারণে আমরা যেসব দেশি পণ্য ব্যবহার করি সেসবের দাম ইতিমধ্যে ১৫ শতাংশ বেড়ে গেছে। এতে ব্যবসায়ীদের মধ্যে ভীতি কাজ করছে। ’বিকেএমইএ সভাপতি আরও বলেন, ‘বিদ্যুৎসংকট কাটাতে পারলে আমাদের উৎপাদন ৪০ শতাংশ বাড়ানো যেত। বিদ্যুতের অভাবে উদ্যোক্তারা নতুন কোনো প্রকল্প শুরু করতে পারছেন না। তাই এ বিষয়ে সরকারের সহযোগিতা করা প্রয়োজন।’হলমার্ক কেলেঙ্কারি নিয়ে সেলিম ওসমান বলেন, হলমার্কের তানভীর মাহমুদের মতো দেশে আরও অনেক খারাপ ব্যবসায়ী আছে। তাদের ধরে শাস্তি দিতে হবে। সরকারের এত টাকা এভাবে আটকা না থাকলে ব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কের ঘরে চলে আসত বলে মন্তব্য করেন তিনি।