রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়ছে ধীরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি এখনো ১০ কোটি ডলারে উন্নীত হতে পারেনি। গত অর্থবছর অবশ্য রপ্তানি আয় দাঁড়িয়েছিল ৯ কোটি ৭০ লাখ ডলারে।আর চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম প্রান্তিকে রাশিয়ায় পণ্য রপ্তানি থেকে দুই কোটি ৬৩ লাখ ডলার আয় হয়েছে। যদি গত তিন বছরের প্রবণতা অব্যাহত থাকে তাহলে চলতি অর্থবছর পণ্য রপ্তানি ১০ কোটি ডলারে উন্নীত হতে পারে।অন্যদিকে রাশিয়া থেকে পণ্য আমদানি গত দুই অর্থবছরে কমে গিয়েছে। তার আগে ২০০০-০১ থেকে ২০০৮-০৯ অর্থবছর পর্যন্ত রাশিয়া থেকে বিভিন্ন পণ্যের আমদানি বেড়েছে।অবশ্য চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রাশিয়া থেকে পণ্য আমদানি ব্যয় দাঁড়িয়েছে সাত কোটি ৪৭ লাখ ডলার যা গত অর্থবছরের মোট আমদানির প্রায় অর্ধেক। এই প্রবণতা বজায় থাকলে রাশিয়া থেকে পণ্য আমদানি বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা।ব্যবসায়ীরা অবশ্য রাশিয়ার বাজারকে এখনো প্রত্যন্ত বাজার বলেই মনে করেন। তাঁদের মতে, ভৌগোলিক দূরত্ব ও সরাসরি যাতায়াতের ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতাই এই দেশটির বাজারে প্রবেশের বড় বাধা।বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের পরিচালক ফজলুল হক প্রথম আলোকে বলেন, যাতায়াত ও যোগাযোগ সহজ না হলে বাণিজ্য তেমন একটা হয় না। আবার রাশিয়ার ব্যাংকিং ব্যবস্থাও যথেষ্ট উন্নত নয়। সর্বোপরি রাশিয়ায় আমদানি শুল্কের হার অনেক বেশি।ফজলুল হক অবশ্য মনে করেন, বিশ্ব বাণিজ্য সংস্থায় রাশিয়া সদস্যপদ পাওয়ার পর এখন শুল্ক কমানোর দিকে যেতে হবে। সে ক্ষেত্রে ভবিষ্যতে বাজার বাড়ানোর চেষ্টা করা যাবে।রাশিয়ার সঙ্গে বিগত দুই দশকের বাণিজ্যের পরিসংখ্যান দেখলে অবশ্য কিছুটা বিস্মিত হতে হয়। বিশেষত ১৯৯১-৯২ ও ১৯৯২-৯৩ অর্থবছরে রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে বাংলাদেশের উদ্বৃত্ত ছিল। মানে আমদানির তুলনায় বেশি পণ্য এ দেশ থেকে রপ্তানি হয়েছিল। তবে এর পর থেকেই আর কখনো বাণিজ্যে উদ্বৃত্তের মুখ দেখেনি বাংলাদেশ। বাংলাদেশ রাশিয়ায় যেসব পণ্য রপ্তানি করে তার মধ্যে রয়েছে—হিমায়িত খাদ্য, নিট পোশাক, ওভেন গার্মেন্টস, কাঁচাপাট, কৃষিপণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, চিংড়ি, হোম টেক্সটাইলস, টেক্সটাইল ফেব্রিকস, তামাক, পাদুকা (খেলার), অ্যালুমিনিয়ামের পণ্য প্রভৃতি।আর রাশিয়া থেকে মূলত আমদানি হয় সবজি পণ্য, রাসায়নিক শিল্পের কাঁচামাল, তুলা, যানবাহন, বিমান, জাহাজ ও অন্যান্য পরিবহন, কাগজ, পেপারবোর্ড, কাগজের মণ্ড, প্লাস্টিকের পণ্যসামগ্রী, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, খুচরা যন্ত্রাংশ, অস্ত্র ও গোলাবারুদ, কাঠ ও কাঠের তৈরি পণ্য প্রভৃতি।বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) থেকে পাওয়া রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাংলাদেশ ব্যাংকের উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, গত অর্থবছরে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল পাঁচ কোটি ৬২ লাখ ডলার।প্রাপ্ত পরিসংখ্যানে আরও দেখা যায়, ২০০৯-১০ অর্থবছরে রাশিয়া থেকে ১৪ কোটি ৫১ লাখ ডলারের পণ্য আমদানির বিপরীতে এসব দেশে রপ্তানি হয়েছিল মাত্র পাঁচ কোটি ১৪ ডলার। ফলে ঘাটতি ছিল নয় কোটি ১৭ লাখ ডলার।প্রাপ্ত উপাত্তে দেখা যায়, ২০০১-০২ অর্থবছরে রাশিয়ায় রপ্তানির পরিমাণ এক কোটি ডলারের নিচে নেমে যায়। ওই বছর ৭৪ লাখ ডলারের রপ্তানি হয়। ২০০৫-০৬ অর্থবছরে এসে আবার রপ্তানি কোটি ডলারে উন্নীত হয়। ওই বছর রপ্তানি আয় হয় এক কোটি ৫৩ লাখ ডলার।এফবিসিসিআইয়ের উপদেষ্টা মনজুর আহমেদ প্রথম আলোকে বলেন, অন্য দেশগুলোতে তৈরি পোশাকসহ যেসব পণ্য রপ্তানি করা হচ্ছে, তার সবগুলোই রাশিয়ায় করা সম্ভব। সেখানকার বাজারও বেশ বড়। তবে পণ্য জাহাজীকরণে বড় ধরনের সমস্যা রয়েছে। অবশ্য রাশিয়ার সঙ্গে কিছু পণ্যে বার্টার ট্রেড বা পণ্য বিনিময় বাণিজ্য করার কথা ভাবা হচ্ছে বলে জানা গেছে। রাষ্ট্রীয়ভাবে রূপপুরে যে আনবিক বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে তার জন্য প্রয়োজনীয় কিছু সরঞ্জাম ও যন্ত্রপাতি আনা হবে রাশিয়া থেকে। বিপরীতে সমমূল্যের বাংলাদেশি পণ্য রাশিয়ায় পাঠানো হবে। তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়ে গেছে।এ প্রসঙ্গে মনজুর আহমেদ বলেন, ব্যবসায়ীরা এই ব্যবস্থায় তাদের উৎপাদিত পণ্যের মূল্য কীভাবে পাবেন, তা স্পষ্টভাবে জানতে চান। ১৫-২০ বছর আগে রাশিয়ার সঙ্গে যখন এই ধরনের বার্টার ট্রেড ছিল, তখন পণ্য রপ্তানি করে টাকা পেতে ব্যবসায়ীদের ১০-১২ বছর পর্যন্ত লেগে গেছে।