রাশিয়াসহ তিনটি দেশে শুল্কমুক্ত সুবিধা পেতে প্রস্তাব দেবে সরকার
তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পেতে রাশিয়া, কাজাখস্তান ও বেলারুশকে শিগগিরই প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। একই সঙ্গে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত সুবিধা পেতেও কাজ চলছে।নিজস্ব ভবনের মিলনায়তনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। দীপু মনি বলেন, শ্রমিকেরাই উৎপাদনমুখী শিল্পের মূল চাবিকাঠি। তাঁরা ভালো না থাকলে প্রবৃদ্ধি হবে না। তাই শিল্পকে এগিয়ে নিতে হলে শ্রমিকদের জীবনমান উন্নত করতে হবে। কর্মপরিবেশ ভালো করতে হবে। তিনি তাজরীন ফ্যাশনসের মতো ভয়াবহ আগুনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে পোশাক কারখানার মালিকদের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘শ্রমিকদের জীবনের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। তবে এটি নিজস্ব উপলব্ধি থেকে আসতে হবে, বিদেশি ক্রেতাদের দেওয়া কমপ্লায়েন্স মানতে নয়।’অনুষ্ঠানে তাজরীন ফ্যাশনসে আগুনের ঘটনায় আহত ৩৩ শ্রমিককে ক্ষতিপূরণ বাবদ প্রত্যেককে এক লাখ টাকার চেক তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া পোশাক শ্রমিক-কর্মচারীদের ১০০ জন মেধাবী শিশুর হাতে শিক্ষাবৃত্তি, ৫০ জন দক্ষ কর্মীর হাতে প্রশংসাপত্র, ১০ জন মৃত শ্রমিকের পরিবারের প্রত্যেককে গ্রুপ বিমা বাবদ এক লাখ টাকার চেক দেওয়া হয়। সংগঠনের সহসভাপতি এস এম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহসভাপতি সিদ্দিকুর রহমান।