রাশিয়ায় বাজার বাড়াতে বিকেএমইএ বিশেষ সুবিধা চেয়েছে
বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) বাজার সম্প্রসারণের লক্ষ্যে রাশিয়ার কাছে বিশেষ সুবিধা চেয়েছে।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে গত বুধবার অনুষ্ঠিত এক বৈঠকে বিকেএমইএর নেতারা এই সুবিধা চান। দেশটির রাজধানী মস্কোতে এ বৈঠক হয়। ৩৯তম ফেডারেল ট্রেড ফেয়ার ফর টেক্সটাইলে অংশগ্রহণ উপলক্ষে তাঁরা বর্তমানে সেখানে আছেন। গত মঙ্গলবার শুরু হওয়া এ মেলা আজ শুক্রবার শেষ হবে।বৈঠকে রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম সাইফুল হক ও কমার্শিয়াল কাউন্সেলর নুর মো. মাহবুবুল হক, বিকেএমইএর সহ-সভাপতি মোহামঞ্চদ হাতেম, এ এইচ আসলাম সানি ও মহিউদ্দিন ফারুকী উপস্থিত ছিলেন। আর রাশিয়ার পক্ষে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ও উপপরিচালকসহ দক্ষিণ এশিয়াবিষয়ক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিকেএমইএ প্রতিনিধিদল বাংলাদেশের জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নতুন সদস্য রাশিয়ার বাজারে জিএসপিসহ বিশেষ সুবিধা চেয়েছে।জবাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এলডিসি দেশ হিসেবে বাংলাদেশকে বিশেষ সুবিধা প্রদান ও ভিসাসংক্রান্ত জটিলতা দূরীকরণে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।