রাশিয়ায় শুল্কমুক্ত সুবিধা দাবি
রাশিয়ার বাজারে বাংলাদেশের সব ধরনের রপ্তানিযোগ্য পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছে দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।এফবিসিসিআই বলছে, শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পেলে দুই দেশের মধ্যকার বাণিজ্য দ্রুত ১০০ কোটি ডলারে উন্নীত করা সম্ভব।বর্তমানে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ২৫ কোটি ডলার। এর মধ্যে বাংলাদেশ থেকে সে দেশে নয় কোটি ৭০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়।রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলেভের সঙ্গে এক মতবিনিময়ে এই দাবি জানানো হয়। গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।সভায় এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ বলেন, রাশিয়া বর্তমানে স্বল্পোন্নত দেশগুলোর জন্য ৪৮টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে। কিন্তু এর মধ্যে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক ও চামড়াজাত পণ্য অন্তর্ভুক্ত নয়।রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলেভ বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর এটাই উপযুক্ত সময়। শুল্কসুবিধা কীভাবে বাড়ানো যায়, সেটি নিয়ে আলোচনা হবে।