রাষ্ট্র খাতের ব্যাংকগুলোয় এখন ১০ টাকার ব্যাংক হিসাব এক কোটি ২৮ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকগুলোতে ১০ টাকায় কৃষকদের জন্য ব্যাংক হিসাব হয়েছে প্রায় ৯৬ লাখ। আর এর বাইরে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ বিতরণ, মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ হিসাব, ক্ষুদ্র জীবনবিমা গ্রহীতাদের জন্য আরও ৩২ লাখ হিসাব খোলা হয়েছে। শেষোক্ত ৩২ লাখের হিসাবধারীদের মধ্যে ক্ষুদ্র জীবনবিমা গ্রহীতা ছাড়া বাকি সব ক্ষেত্রেই হিসাব খোলা হয়েছে ১০ টাকায়। আর ক্ষুদ্র বিমা গ্রহীতাদের হিসাব খোলা হয়েছে ১০০ টাকায়। বাংলাদেশ ব্যাংকের প্রস্তুত করা সর্বশেষ ১২ এপ্রিলের তথ্যে এ হিসাব মিলেছে। কেন্দ্রীয় ব্যাংক ২০১০ সালের মাঝামাঝি সময়ে প্রথম ১০ টাকায় কৃষকের হিসাব খুলতে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়। এর ভিত্তিতে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) এবং বেসিক ব্যাংকে কৃষকের হিসাব খোলা শুরু হয়। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে এই ব্যাংকগুলোতে মোট ৯৫ লাখ ৭১ হাজার ৯৩৫টি ১০ টাকার হিসাব খোলা হয়েছে। এসব হিসাবে কৃষকের জন্য সরকারের দেওয়া ভর্তুকির অর্থ জমা হয়।কৃষকের হিসাব ছাড়াও সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে বিতরণের জন্য খোলা হয়েছে ২৬ লাখ ৪০ হাজার ৭৩৭টি হিসাব। মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ হিসাব খোলা হয়েছে ৯৮ হাজার ৯৭৭টি। এই দুই ক্ষেত্রেই খোলা হয়েছে ১০ টাকায়। আবার ক্ষুদ্র জীবনবিমা গ্রহীতাদের জন্য ১০০ টাকার বিনিময়ে খোলা হয়েছে পাঁচ হাজার ৮১০টি হিসাব। এ ছাড়া হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট থেকে অনুদানপ্রাপ্ত দুঃস্থ ব্যক্তি, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় সুবিধাভোগী শ্রমিক, আইলা-দুর্গত ব্যক্তিসহ সুবিধাবঞ্চিতদের জন্য ১০ টাকায় ব্যাংকগুলোতে হিসাব খোলা হয়েছে আরও চার লাখ ৬৭ হাজার ১৫৬টি হিসাব। সবগুলো হিসাবই খোলা হয়েছে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ও বিশেষায়িত ব্যাংকগুলোতে।১০ ও ১০০ টাকায় এসব হিসাব খোলার মাধ্যমে দেশে বড় ধরনের ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন’ বা আর্থিক অন্তর্ভুক্তি অর্থাৎ বিপুলসংখ্যক মানুষকে আনুষ্ঠানিক ব্যাংকব্যবস্থার মধ্যে আনা সম্ভব হয়েছে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক।