রাষ্ট্রপতির মৃত্যুতে এক ঘণ্টা পেছাল শেয়ারবাজারের লেনদেন
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে আগামীকাল বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারের (ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ) লেনদেন এক ঘণ্টা পেছানো হয়েছে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ পৃথকভাবে এ সিদ্ধান্ত নেয়। ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) শুভ্র কান্তি চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির মৃত্যুতে তাঁর প্রতি সম্মান প্রদর্শনপূর্বক আগামীকাল ডিএসইর লেনদেন সকাল সাড়ে ১০টার পরিবর্তে বেলা সাড়ে ১১টায় শুরু হবে। চলবে বেলা আড়াইটা পর্যন্ত। আজ অনুষ্ঠিত ডিএসইর বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সভায় একটি শোক প্রস্তাব গৃহীত হয়। রাষ্ট্রপতির মৃত্যুতে ডিএসইর পরিচালনা পর্ষদ ও সব সদস্যের পক্ষে সভাপতি রকিবুর রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন তিনি।সিএসইর জনসংযোগ বিভাগের কর্মকর্তা সানজিদা পারভীন প্রথম আলো ডটকমকে বলেন, রাষ্ট্রপতির মৃত্যুতে আগামীকাল সিএসইর লেনদেন এক ঘণ্টা পেছানো হয়েছে। তিনি আরও বলেন, রাষ্ট্রপতির মৃত্যুতে সিএসইর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সভাপতি মো. আল মারুফ খান গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন তিনি।গভর্নরের শোক: রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। এক শোকবার্তায় গভর্নর বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহযোদ্ধা ও প্রায় সাত দশকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মো. জিল্লুর রহমানের অবদান চির ভাস্বর হয়ে থাকবে।’এফবিসিসিআই সভাপতির শোক: রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলী ও সহসভাপতি মো. হেলাল উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।এক শোকবার্তায় এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, মরহুম জিল্লুর রহমান দেশের স্বচ্ছ রাজনীতির পথিকৃত্ ছিলেন। তাঁকে হারিয়ে জাতি এক বরেণ্য রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও অভিভাবককে হারাল। মরহুমের জান্নাত কামনা করেন তিনি।এ কে আজাদের শোক: রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি এ কে আজাদ। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সব সদস্যের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।ডিসিসিআইয়ের শোক: রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) পরিচালনা পর্ষদের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে মরহুমের পরিবারের সদস্যদের প্রতি একাত্মতা ও সহমর্মিতা জানিয়েছে সংগঠনটি।ডিসিসিআইয়ের এক শোক বার্তায় বলা হয়, ডিসিসিআই মনে করে, প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে দেশ রাজনৈতিক অঙ্গনের একজন অভিভাবক হারাল। জাতি শ্রদ্ধাভরে তাঁর অবদানের কথা স্মরণ রাখবে। বিআইএর শোক: রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানে মৃত্যুতে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন সভাপতি শেখ কবির হোসেন। এক শোক বার্তায় তিনি বলেন, ভাষা-আন্দোলন থেকে শুরু করে ’৬৯-এর গণ-অভ্যুত্থান ও মহান স্বাধীনতাযুদ্ধে তাঁর অবদান চিরস্মরণীয়। এ ছাড়া দেশের প্রতিটি আন্দোলনেও তিনি সক্রিয় অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে জাতি সত্যিকারের একজন দেশপ্রেমিক ও প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল, যে শূন্যতা পূরণ হওয়ার নয়।সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আজ বাংলাদেশ সময় বিকেল চারটা ৪৭ মিনিটে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।