রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২১ জন জিএম নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠানের ২১ জন উপমহাব্যবস্থাপককে (ডিজিএম) পদোন্নতি দিয়ে মহাব্যবস্থাপক (জিএম) পদে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন কর্মস্থলেও পদায়ন করা হয়েছে তাঁদের। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। পদোন্নতি পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) ছয়জন, রূপালী ব্যাংকের ছয়জন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পাঁচজন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) দুজন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) একজন এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের একজন। বিকেবির ছয়জনের মধ্যে আবু সালেহ মো. মুছা, আনোয়ার আলী খান, মো. ফিরোজ খান ও মো. জালালউদ্দিনকে বিকেবিতেই জিএম করা হয়েছে। অন্য দুজনের মধ্যে নিতাই চাঁদ দাসকে বিকেবির সিলেট বিভাগীয় কার্যালয়ে এবং মনিয়ারা বেগমকে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে জিএম হিসেবে পদায়ন করা হয়েছে।রূপালী ব্যাংকের ছয়জনের মধ্যে হোসনে আরা বেগম, সৈয়দ আবু আসাদ ও আরিফুর রহমান রূপালী ব্যাংকেরই জিএম হয়েছেন। বাকি তিনজনের মধ্যে গান্ধী কুমার রায় ও মো. মজিবুর রহমানের নতুন কর্মস্থল বিকেবি এবং মো. নজমুল হকের নতুন কর্মস্থল রাকাব।আইসিবির পাঁচজনের কাউকেই আইসিবিতে রাখা হয়নি। তাঁদের মধ্যে মো. ওয়াহিদুজ্জামান খন্দকার রূপালী ব্যাংক, কাজী সানাউল হক রাকাব, আবদুর রউফ কর্মসংস্থান ব্যাংক, কফিলউদ্দিন আহমদ চৌধুরী বিএইচবিএফসি এবং কামরুল ইসলাম আসাদ বিকেবিতে নিয়োগ পেয়েছেন।রাকাবের দুজনের মধ্যে এস এম শামসুল আলমকে রাকাবেরই জিএম করা হয়েছে। আফরোজা গুলনাহারের নতুন কর্মস্থল বিএইচবিএফসি। আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মো. ফারুক হোসেনকে একই ব্যাংকের জিএম করা হয়েছে। এ ছাড়া বিএইচবিএফসির দেবাশীষ চক্রবর্তীকে করা হয়েছে রূপালী ব্যাংকের জিএম। সব জিএমের বেতন-কাঠামো (৩৩৫০০-৩৯৫০০/-) উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। বলা হয়েছে, জিএম ও তদূর্ধ্ব কর্মকর্তারা সরকারের নিয়োগ পদ্ধতি ও নিয়োগের শর্তাবলির মাধ্যমে নিয়ন্ত্রিত ও পরিচালিত হবেন।